'এ তথ্য কোথা থেকে পেলেন?'
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ‘পাকিস্তানি গোয়েন্দাদের নির্দেশে চলেন’ বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। অবাধ নির্বাচন হলে ৮০ ভাগের বেশি ভোট পেয়ে ধানের শীষ বিজয়ী হবে—খালেদা জিয়ার এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে হানিফ প্রশ্ন তুলে বলেন, এ তথ্য তিনি কোথায় পেলেন?
আজ রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হানিফ।
সুপ্রিম কোর্ট মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে একাংশ) দ্বিবার্ষিক কাউন্সিলে আজ খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ যতই জরিপ করুক লাভ হবে না। মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য বসে আছে। অবাধ নির্বাচন হলে ৮০ ভাগের বেশি ভোট পেয়ে ধানের শীষ বিজয়ী হবে। আওয়ামী লীগের ভরাডুবি হবে।
খালেদা জিয়ার মন্তব্যের বিষয়ে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘এ তথ্য তিনি কোথা থেকে পেলেন? পাকিস্তানি গোয়েন্দাদের জরিপ থাকলে থাকতে পারে। উনি তো এখন পাকিস্তানি গোয়েন্দাদের নির্দেশে চলেন। আমরা বলতে চাই—পাকিস্তানি গোয়েন্দাদের জরিপে ভোট পাওয়া যাবে না। অতীত অপকর্মের কারণে জনগণ আপনাদের ভোট দেবে না।’
পৌরসভা নির্বাচন সম্পর্কে বিএনপির নেতাদের উদ্দেশ করে হানিফ বলেন, ‘আপনারা শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনে থাকেন। জনগণের রায় মেনে নিন। এটাই জনগণ চায়। কিন্তু আপনারা প্রতিবারই নির্বাচন বর্জন করে, নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে চান।’ তিনি দাবি করেন, পৌর নির্বাচনও বিএনপির মূল লক্ষ্য হচ্ছে প্রশ্নবিদ্ধ করা, নির্বাচন ভন্ডুল করা।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মণি, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, দপ্তর সম্পাদক আবদুল মান্নান খান, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল, আবু সাঈদ আল মাহমুদ, খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী প্রমুখ।