প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামকে নিজেদের লোক বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান। গতকাল শনিবার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মারুফ কামাল খান বলেন, ‘এইচ টি ইমাম আমাদের লোক। তাঁর গায়ে হাত দেবেন না। তিনি (এইচ টি ইমাম), লতিফ সিদ্দিকী সত্য কথা বলেছেন। বিএনপির বাইরে বিএনপির এমন আরও লোক আছেন। তাঁরা সত্য বলতে শুরু করেছেন। আরও অনেকে এমন সত্য কথা বলবেন।’
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক দল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, তারেক রহমান গতানুগতিক রাজনীতিক নন। তাঁর মধ্যে ‘স্টেটসম্যান’ হওয়ার যোগ্যতা আছে। একদিন সে সুযোগ আসবে। সুস্থ হলেই তিনি দেশে ফিরবেন।
দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও আয়োজক সংগঠন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন নবী খান এতে বক্তব্য দেন।
তারেক রহমানের জন্মবাষির্কী উপলক্ষে বিকেলে জাতীয় প্রেসক্লাবে পৃথক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘তারেক রহমান দৃঢ়চেতা। তুমুল আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ তাঁকে ফিরিয়ে আনবে। কোনো শক্তি তাঁকে এয়ারপোর্টে আটকে রাখতে পারবে না।’
জিয়াউর রহমান ফাউন্ডেশন এ সভার আয়োজন করে।