'এইবার নিজে ভোট দিলাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের নাগরিক হওয়ার পর প্রথমবারের মতো ভোট দিলেন সাবেক ছিটমহলের বাসিন্দারা। লালমনিরহাট, পঞ্চগড় ও কুড়িগ্রামের সাবেক ওই সব ছিটমহলে গতকাল সোমবার শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো ভোট দিতে পেরে উচ্ছ্বসিত নতুন বাংলাদেশিরাও।
এ ছাড়া দেশের অন্যান্য অংশে তিন শতাধিক ইউপিতে গতকাল সম্পূর্ণ বা আংশিক ভোট গ্রহণ হয়েছে। গত মার্চ থেকে জুন পর্যন্ত ছয় ধাপে ইউপি নির্বাচনের সময় ওই সব ইউপি বা ইউপির কোনো কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত বা বাতিল করা হয়। এর মধ্যে কয়েকটি ইউপিতে জাল ভোটের অভিযোগ পাওয়া গেছে। আর যশোরে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।
নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তির অংশ হিসেবে ২০১৫ সালের ৩১ জুলাই বাংলাদেশের মানচিত্রে যুক্ত হয় ভারতের ১১১টি ছিটমহল। আর বাংলাদেশের ৫১টি ছিটমহল ঢুকে যায় ভারতের মানচিত্রে। সমাপ্তি ঘটে ৬৮ বছরের বঞ্চনার। বাংলাদেশে আসা ছিটমহলগুলো বিভিন্ন ইউপির অন্তর্ভুক্ত হয়।
বিলুপ্ত ছিটমহলযুক্ত পঞ্চগড়ের তিন উপজেলার আটটি ইউনিয়নে গতকাল ভোট হয়েছে। এগুলো হলো সদর উপজেলার হাফিজাবাদ ও হাঁড়িভাসা, বোদা উপজেলার কাজলদিঘি, বড়শশী, মাড়েয়া ও ময়দানদিঘি এবং দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ও টেপ্রীগঞ্জ ইউনিয়ন। এসব ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৩৮৫ জন। এর মধ্যে বিলুপ্ত ছিটমহল থেকে যুক্ত হয়েছেন ৮ হাজার ৯৩৫ জন নতুন ভোটার।
দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের অন্তর্ভুক্ত বিলুপ্ত কাজলদিঘি ছিটমহলের নতুন ভোটার জয়নুল হক বলেন, ‘সারা জীবন শুধু ভোটের কথা শুনছি। এইবার নিজে দিলাম।’
কুড়িগ্রাম জেলায় ফুলবাড়ী ও ভূরুঙ্গামারীর ছয়টি ইউনিয়নে ভোট চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সরেজমিনে দেখা যায়, ৬৮ বছরের বন্দিদশা থেকে মুক্ত এই মানুষেরা ভোট শুরু হওয়ার আগেই গতকাল কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে যান। বিপুল উৎসাহে তাঁরা জীবনে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করেছেন।
লালমনিরহাট জেলার সদর উপজেলার কুলাঘাট, হাতীবান্ধার গোতামারী, পাটগ্রামের বুড়িমারী, শ্রীরামপুর, জগতবেড়, পাটগ্রাম, কুচলিবাড়ী ও জোংরা ইউনিয়নে গতকাল ভোট হয়।

৫৯টি ইউপির ফল
শেষ খবর পাওয়া পর্যন্ত ৫৯টি ইউপির বেসরকারি ফলাফল জানা গেছে। এর মধ্যে ৩৭টিতে আওয়ামী লীগের, তিনটিতে দলটির বিদ্রোহী প্রার্থী, ছয়টিতে বিএনপির ও একটিতে দলটির বিদ্রোহী, জাতীয় পার্টির চারজন ও আটজন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।