গণহত্যার শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভের এক ইঞ্চি জায়গাও ছাড়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
চট্টগ্রামের সাবেক এই মেয়র বলেন, যারা স্মৃতিস্তম্ভের জায়গা দখল করতে আসবে তাদের প্রতিহত করা হবে। কাদের ইঙ্গিতে জায়গা দখলের চেষ্টা চলছে তা বের করতে দুই সদস্যের তদন্ত কমিটি গঠনেরও ঘোষণা দেন তিনি। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম আদালত ভবনের প্রবেশমুখে স্মৃতিস্তম্ভের পাশে নগর আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে আওয়ামী লীগের নেতা ও আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সুনীল সরকার, নোমান আল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নতুন ভবন দোয়েল এবং স্মৃতিস্তম্ভের সীমানাপ্রাচীরের নির্মাণকাজ বন্ধ রয়েছে।
সমাবেশে মহিউদ্দিন চৌধুরী বলেন, ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি স্বৈরাচার সরকারকে প্রতিহত করার ডাক দিয়েছিলেন শেখ হাসিনা। তাঁর ডাকে সাড়া দিয়ে নগরের লালদীঘি মাঠে জনতার ঢল নেমেছিল। এ সময় পুলিশ নির্বিচারে গুলি ছুড়লে ২৪ জন নিহত হন। তাঁদের স্মৃতি রক্ষার্থে নির্মিত এ স্মৃতিস্তম্ভের জায়গা না বুঝে বিশেষ মহলের ইঙ্গিতে দখলের চেষ্টা চলছে।
আইনজীবী সমিতির নতুন ভবন দোয়েলের সীমানাপ্রাচীর তৈরির কাজ শুরু হয় গত বুধবার। স্মৃতিস্তম্ভের জায়গা দখল করে আইনজীবী সমিতির নতুন ভবনের সীমানাপ্রাচীর তোলা হচ্ছে এই অভিযোগে কাজ বন্ধ করে দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, কাজ এখনো বন্ধ রয়েছে। মহিউদ্দিন চৌধুরীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে এ নিয়ে আলোচনা করা হবে। তিনি বলেন, আইনজীবী সমিতি স্মৃতিস্তম্ভের জায়গা দখল করবে না।