'একজনকে কেন্দ্র করেই সরকার ষড়যন্ত্র করছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিকত্ব আইন-২০১৬-এর খসড়া নিয়ে চট্টগ্রাম নগর বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রতিপক্ষকে ঘায়েল করতে শেষ অস্ত্র হিসেবে সরকার এই আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। একই সভায় দলের ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিনের দাবি, একজনকে কেন্দ্র করেই সরকার এই ষড়যন্ত্র করছে। কারণ, সরকার ভয় পাচ্ছে যদি তিনি দেশে আসেন, রাজনীতি করেন, তাহলে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না।
এই একজন কে তা অবশ্য সভায় স্পষ্ট করে বলেননি বিএনপির ভাইস চেয়ারম্যান মীর নাছির। পরে সভা শেষে এ বিষয়ে তাঁর কাছে জানতে চাইলে তিনি সরাসরি কোনো মন্তব্য না করে প্রথম আলোকে বলেন, ‘সেই একজন কে সেটা সাংবাদিক বুঝে নেবেন।’
গতকাল শনিবার সকালে চট্টগ্রাম নগরের সিডিএ অ্যাভিনিউর একটি হোটেলে ‘বাংলাদেশ নাগরিকত্ব আইন-২০১৬: নাগরিক ভাবনা’ শীর্ষক এই সভার আয়োজন করা হয়।
খসড়া নাগরিকত্ব আইন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং ন্যায়বিচারের পরিপন্থী দাবি করে সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আইনটির খসড়া তৈরি করেছে। তিনি বলেন, এ আইনের মাধ্যমে দাসত্ব এবং একদলীয় শাসনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। এই আইন প্রতিহত করতে হবে, প্রতিরোধ করতে হবে। প্রয়োজনে সব ধরনের ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকতে হবে।
মীর মোহাম্মদ নাছির উদ্দিন দাবি করেন, বাবা-মায়ের অপরাধে ছেলেকে কেন দায়ী করা হবে? প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের রক্ষাকবচ হিসেবে আইনটির খসড়া তৈরি করা হয়েছে। তিনি বলেন, ‘তারা (সরকার) বাঘের পিঠে উঠেছে। কিন্তু নামার সিঁড়ি কে দেবে আমরা জানি না।’
সভায় কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন অভিযোগ করেন, সরকার নাগরিকত্ব আইন নিয়ে খেলছে। এই আইন প্রতিহত করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক মাইনুল আহসান খান বলেন, বিশ্ব নাগরিক হওয়া নিয়ে সারা বিশ্বে আলোচনা চলছে। অথচ সরকার নাগরিকত্ব আইন আরও সংকুচিত করতে খসড়া তৈরি করেছে। এ বিষয়ে ভয়ে কেউ কথা বলতে পারছে না।
চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে আলোচনায় আরও বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বুয়েটের শিক্ষক মুহাম্মদ সাব্বির মুস্তফা খান, বার কাউন্সিলের সাবেক সদস্য কবির চৌধুরী, চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম প্রমুখ।