'একজনের কাটলে দুজনের রগ কেটে দিবেন'
একজন নেতার রগ কাটা হলে ছাত্রশিবিরের দুজনের রগ কাটতে ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাজশাহী মহানগরের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
আজ বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হল শাখা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ এইচ এম খায়রুজ্জামান এ আহ্বান জানান।
রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘প্রতিবাদ সমাবেশ নয়। কোনো ছাত্রলীগ নেতার রগ কেটে দিলে তাদের (ছাত্রশিবিরের) দুইজনের রগ কেটে দেবেন।’
খায়রুজ্জামান বলেন, ‘এই বিনোদপুরে তারা (ছাত্রশিবির) আমাদের ছেলেদের পা কেটে দিয়ে যায়। আর আমরা এসে প্রতিবাদ সভা করি, হুমকি দিয়ে যাই।’ আত্মরক্ষা করা সবার সাংবিধানিক অধিকার উল্লেখ করে তিনি বলেন, ‘কারও সঙ্গে এমন ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সবাইকে মিলে প্রতিশোধ নিতে হবে। প্রয়োজনে তাদের দুইজনের রগ কেটে দেবেন।’
সম্মেলনের বিশেষ অতিথি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারও ছাত্রশিবিরকে রুখে দিতে উপস্থিত ছাত্রলীগের নেতা–কর্মীদের প্রতি আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল মাঠে আজ বিকেল চারটায় শাহ মখদুম, নবাব আবদুল লতিফ ও সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের এ সম্মেলনের আয়োজন করা হয়। আবদুল লতিফ হলের সভাপতি কাউসার আহম্মেদের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান। প্রধান বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালেদ হাসান।