'এখন থেকে ২ পারসেন্ট ৬ পারসেন্ট বাদ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কর্মকর্তা-কর্মচারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে নগরবাসীর জন্য কাজ করতে বলেছেন মেয়র আনিসুল হক। তিনি তাঁদের উদ্দেশে বলেন, ‘এখন থেকে ২ পারসেন্ট ৬ পারসেন্ট বাদ।’ যাঁরা বিভিন্ন কাজের জন্য কর্মকর্তাদের ঘুষ দেন তাঁদের উদ্দেশে মেয়র বলেন, ‘মেয়রকে যখন কেনা যাবে না, তখন মেয়রের অন্য লোকদের টাকা দিয়ে কী লাভ।’
গতকাল শুক্রবার মহাখালীর রাওয়া কনভেনশন হলে সাংসদ, ওয়ার্ড কাউন্সিলর ও বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে ডিএনসিসির মেয়র আনিসুল হক এসব কথা বলেন।
প্রসঙ্গত, সিটি করপোরেশনের বিভিন্ন কাজের জন্য মোট অর্থের ওপর ঠিকাদারদের কাছ থেকে কর্মকর্তাদের ২ থেকে ৬ শতাংশ পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগ আছে। যদিও গতকাল বক্তব্য দেওয়ার সময় মেয়র তা উল্লেখ করেননি। তবে তা বন্ধ করার কথা বলেছেন।
মেয়র ক্ষোভ প্রকাশ করে বলেন, নাখালপাড়ার একটি গলিতে তিনি চারবার গেছেন। তারপরও সেই গলির পানির সমস্যার সমাধান হয়নি। তিনি কাউন্সিলরদের বলেন, এবার জলাবদ্ধতায় নগরবাসী ক্ষমা করেছে। কেননা মেয়র ও কাউন্সিলররা নতুন নির্বাচিত। কিন্তু আগামীবার আর ক্ষমা করবে না। তাই এ ব্যাপারে দ্রুত কিছু একটা করতে হবে। তিনি কাউন্সিলরদের বলেন, ‘আমি আপনাদের জন্য যুদ্ধ করব। কিন্তু আপনাদেরও কাজ করতে হবে। কালকের মধ্যে অবৈধ বিলবোর্ড তুলে ফেলতে হবে। আগামী বছরের মার্চের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনায় অন্তত ৭০ ভাগ উন্নয়ন করতে হবে। সড়কে দুটি বাসকে পাশাপাশি দাঁড়াতে দেওয়া হবে না। কারওয়ান বাজার থেকে বাজার উঠিয়ে দিতে হবে। সেখানে সড়কের ওপর কোনো ট্রাকস্ট্যান্ড থাকবে না। গাবতলীতে সড়কের ওপর বাজার বসবে না।’
অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘মেয়র ঢাকার উন্নয়নের জন্য যে পদক্ষেপ নেবেন সেখানে সরকারের ও তার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’
স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, ‘ওয়াসাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণের বাইরে রেখে ঢাকার জলাবদ্ধতার সমস্যার সমাধান হবে না।’ তিনি ওয়াসার চেয়ারম্যান হিসেবে সিটি করপোরেশনের মেয়র বা প্রধান নির্বাহী কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার প্রস্তাব করেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু বা অন্য কারও ছবি দিয়ে আওয়ামী লীগের কেউ যেন বিলবোর্ড বা ব্যানার লাগাতে না পারে, সেদিকে নজর দিতে হবে। আগে দল ও নিজের ঘরকে সুন্দর করতে হবে। তাহলে সব সমস্যার সমাধান হবে।’
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বি এম এনামুল হক। এতে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন, সাংসদ ফারুক খান, ট্রাক মালিক সংগঠনের নেতা রুস্তম আলী প্রমুখ।