'এটা চরম বেয়াদবি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দা সাজেদা চৌধুরী। গতকাল রোববার ধানমন্ডির ৩২ নম্বরে তাঁর অনুষ্ঠানের পাশেই আরেকটি অনুষ্ঠানের আয়োজন করায় সাজেদা চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এটা চরম বেয়াদবি’।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৮তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু জাদুঘরের সামনের সড়কে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী। পাশেই মোটর শ্রমিক লীগ আয়োজিত আরেকটি সভায় বক্তব্য দিচ্ছিলেন হাছান মাহমুদ। দুই অনুষ্ঠানের মাইকের আওয়াজে কারও কথাই বোঝা যাচ্ছিল না।
সাজেদা চৌধুরী বলেন, ‘এখানে এ ধরনের পাল্টাপাল্টি সমাবেশ জীবনেও দেখিনি। এখনো আশা করি না।’ তিনি হাছান মাহমুদের নাম ধরে বলেন, ‘উনি কে? কী ছিলেন? মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিলেন? উনি কীভাবে নেতা হয়েছেন, তা আমি জানি। এ ধরনের আস্ফালন, আমি আমার রাজনৈতিক জীবনে দেখিনি। এটা চরম বেয়াদবি।’
পরে এ বিষয়ে হাছান মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘এ অনুষ্ঠানে সৈয়দা সাজেদা চৌধুরী আসবেন এটা আয়োজকেরা জানতেন না, আমিও বিষয়টি সম্পর্কে জানি না। যখনই জানতে পেরেছি, তখনই আমি বক্তৃতা বন্ধ করে দিই। কর্মসূচিও স্থগিত হয়ে যায়। পরে সাজেদা চৌধুরীর কর্মসূচি শেষ হওয়ার পর পুনরায় আমাদের কর্মসূচি পালন করা হয়।’ তিনি বলেন, এটা পাল্টাপাল্টি কর্মসূচি নয়, পাশাপাশি কর্মসূচি ছিল।