'এবার আমাদের পালা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে ২৩ অক্টোবর উপজেলা দিবস উপলক্ষে ‘পল্লিবন্ধুর পূর্ণাঙ্গ উপজেলার বাস্তবায়ন চাই’ শীর্ষক আলোচনা সভার আয়োজন হয়। সেখানে বক্তব্য দিচ্ছেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। ছবি: প্রথম আলো
রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে ২৩ অক্টোবর উপজেলা দিবস উপলক্ষে ‘পল্লিবন্ধুর পূর্ণাঙ্গ উপজেলার বাস্তবায়ন চাই’ শীর্ষক আলোচনা সভার আয়োজন হয়। সেখানে বক্তব্য দিচ্ছেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। ছবি: প্রথম আলো

জাতীয় পার্টি কখনো নির্বাচনের বাইরে ছিল না। তারা গণতন্ত্র ও নির্বাচনে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। তিনি বলেন, ‘দুটি দল বারবার ক্ষমতায় আসে, এবার আমাদের পালা।’

আজ রোববার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ের মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সেখানে ২৩ অক্টোবর উপজেলা দিবস উপলক্ষে ‘পল্লিবন্ধুর পূর্ণাঙ্গ উপজেলার বাস্তবায়ন চাই’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে দলটি।

আওয়ামী লীগের নতুন যে কমিটি হবে, তার কাছে জাতির অনেক প্রত্যাশা বলেও মন্তব্য করেন দলের মহাসচিব। তিনি বলেন, আওয়ামী লীগের নতুন কমিটির কাছে জাতির অনেক প্রত্যাশা। ভবিষ্যতে তারা কী কাজ করে, তার ওপর নির্ভর করবে দেশের মানুষের কাছে তারা কতটুকু সমর্থন পাবে।

প্রধান অতিথির বক্তব্যে রহুল আমিন হাওলাদার বলেন, দেশের উন্নয়ন ও জনগণের শান্তির জন্য আওয়ামী লীগ কাজ করবে—এটিই নতুন কমিটির কাছে জাতীয় পার্টির প্রত্যাশা।

সভাপতির বক্তব্যে জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সাল চিশতি বলেন, বাংলাদেশকে উন্নয়নের মডেল বানানোর জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এ দেশে উপজেলা ব্যবস্থা তৈরি করেন। জাতীয় পার্টির আমলে উপজেলা পর্যায়ে রাস্তাঘাটে যে উন্নয়ন হয়েছে, তা কোনো সরকারের আমলে হয়নি।

আলোচনায় জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বলেন, উপজেলা ব্যবস্থার পূর্ণাঙ্গ রূপ দেওয়ার পাশাপাশি বিভাগীয় পর্যায়ে প্রাদেশিক সরকারের ব্যবস্থা করতে হবে।