'এভাবে তুলে নিয়ে যাবে, কেউ কিছু বলবে না!'

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে ‘অক্ষত’ অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তাঁর স্ত্রী হাসিনা আহমেদ। সালাহ উদ্দিনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গিয়ে এখন অস্বীকার করছে বলেও দাবি তাঁর। আজ বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্টে ল’ রিপোর্টার্স ফোরামের কক্ষে এক প্রেস কনফারেন্সে এ দাবি জানিয়ে তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘এভাবে তুলে নিয়ে যাবে, কেউ কিছু বলবে না, এটা কীভাবে হয়।’
হাসিনা আহমেদ ২৪ ঘণ্টার মধ্যে সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদকে আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে এক আবেদন করেন। ফৌজদারি কার্যবিধিতে করা ওই আবেদনের ওপর শুনানি শেষে সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করতে এবং আদালতে হাজির করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ। আগামী রোববারের মধ্যে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক, এসবির (স্পেশাল ব্রাঞ্চ) প্রধান, সিআইডির প্রধান, ডিএমপির কমিশনার ও উত্তরা থানার ওসিকে রুলে জবাব দিতে বলা হয়েছে। হাইকোর্টের রুলের পরই হাসিনা আহমেদ প্রেস কনফারেন্স করেন।
হাসিনা আহমেদ বলেন, সালাহ উদ্দিন আহমেদকে যে অবস্থায় তুলে নিয়ে যাওয়া হয়েছে, সে অবস্থায় ‘অক্ষতভাবে’ ফিরিয়ে দেওয়া হোক, অথবা কোর্টে হাজির করা হোক। তিনি দাবি করেন, ‘গোয়েন্দা’ পরিচয়ে সালাহ উদ্দিন আহমেদকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। যাঁরা তাঁকে তুলে নিয়ে গেছেন তাঁরা ওই বাসার দারোয়ানের কাছে নিজেদের ‘গোয়েন্দা’ বলে পরিচয় দিয়েছেন। মঙ্গলবার রাত ১০টার পরে সালাহ উদ্দিনের সঙ্গে তাঁর আর যোগাযোগ হয়নি বলেও জানান হাসিনা আহমেদ।
ক্ষোভ প্রকাশ করে হাসিনা আহমেদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, তারা তুলে নিয়ে যায়নি। এভাবে তুলে নিয়ে যাবে, কেউ কিছু বলবে না, এটা কীভাবে হয়। তিনি আরও বলেন, এর আগে গত শনিবার রাতে সালাহ উদ্দিন আহমেদের বাসার দুইজনকে ধরে নিয়ে অকথ্য ভাষায় নির্যাতন করে গুলশান থানায় সোপর্দ করে রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি প্রশ্ন করেন, ‘তাদের কী দোষ, তারা তো পেটের দায়ে চাকরি করে।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী কোন কোন বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাসিনা আহমেদ বলেন, ‘র্যাবের সঙ্গে যোগাযোগ করিনি, অন্যদের সঙ্গে করেছি।’