'ঐক্য প্রক্রিয়া' অনুষ্ঠানে কাদেরের উপস্থিতি 'ব্যক্তিগত': জাপা
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সঙ্গে একটি সংবাদ সম্মেলনে দলের কো-চেয়ারম্যান জি এম কাদেরের যাওয়াকে ভালোভাবে নেয়নি জাতীয় পার্টির অনেক নীতিনির্ধারক।
আজ রোববার দলের প্রেসিডিয়ামের বৈঠকে জি এম কাদের বিষয়ে প্রশ্ন তোলেন কয়েকজন সদস্য। অবশ্য এ নিয়ে আলোচনার শুরুতেই সদস্যদের জানানো হয়, জি এম কাদের সেখানে ‘ব্যক্তিগত’ভাবে গিয়েছিলেন। তাঁর ওই যাওয়ার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তা ছাড়া এ বিষয়ে দলীয় প্রধান এইচ এম এরশাদ তাঁর (কাদের) সঙ্গে কথা বলবেন।
জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। গত মে মাসে দলের কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার পর আজ নতুন প্রেসিডিয়াম কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো। এতে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ।
আজকের বৈঠকে জি এম কাদের উপস্থিত ছিলেন না। ফলে তাঁর কোনো বক্তব্য জানা যায়নি। দলের দুজন প্রেসিডিয়াম সদস্য বলেছেন, অসুস্থতার কারণে জি এম কাদের বৈঠকে আসেননি। তাঁরা জানান, কাদের একটি হাসপাতালে ভর্তি আছেন।
গত শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’র ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেনের নেতৃত্বে একটি জোট গঠনের কথা বলা হয়। নভেম্বরে কামাল হোসেন নাগরিক সংলাপ পরিকল্পনারও কথাও ঘোষণা করেন। এই জোট প্রক্রিয়ায় অন্যতম স্বচ্ছ ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা, গণতন্ত্রের ভিত্তি মজবুত এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষভাবে পরিচালনা নিশ্চিত করা। এই জোটের সদস্যসচিব করা হয়েছে ফরোয়ার্ড পার্টির আহ্বায়ক আ ব ম মোস্তফা আমীন। সেখানে বিকল্পধারা, নাগরিক ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন। গণমাধ্যমে খবরে জাতীয় পার্টিও ওই বৈঠকে উপস্থিত ছিল বলে বলা হয়।
প্রেসিডিয়াম বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার পর এ বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, তাঁদের দলের কো-চেয়ারম্যান জি এম কাদের সেখানে ‘ব্যক্তিগতভাবে’ গিয়েছিলেন। এ নিয়ে ‘বিভ্রান্তির কোনো সুযোগ’ নেই। তিনি বলেন, তাঁদের দলের নেতারা বিভিন্ন সময়ে বিভিন্ন টক শো, সেমিনারে যান। তাঁর যাওয়াও সে রকমই ছিল। তিনি ব্যক্তিগতভাবে সেখানে গিয়েছিলেন।
দলের মহাসচিব জানান, কারও সঙ্গে ঐক্য করার কোনো পরিকল্পনা আপাতত জাতীয় পার্টির নেই। জাপা এখন তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার দিকে মনোযোগ দেবে।
এক প্রশ্নের জবাবে রুহুল আমিন বলেন, এবারের কাউন্সিলের পর থেকে দেশে-বিদেশে জাতীয় পার্টির গুরুত্ব বেড়ে গেছে। ভারত চায় জাতীয় পার্টি একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে কাজ করুক। ভারত সফরে শুভেচ্ছা ও আশ্বাস বিনিময় হয়েছে।