'কথামালার' এ বাজেট বাস্তবায়ন দুঃসাধ্য: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত বাজেটকে ‘কথামালার বাজেট’ এবং এটা বাস্তবায়ন দুঃসাধ্য বলে দাবি করেছে বিএনপি।
গতকাল শুক্রবার বিকেলে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন সংবাদ সম্মেলন করে দলের এ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন ‘স্মরণকালের সবচেয়ে বড় ঘাটতির বাজেট পেশ করে অর্থমন্ত্রী জাতিকে যে স্বপ্ন দেখিয়েছেন, বছর শেষে তা দুঃস্বপ্নে পরিণত হবে বলেই আমরা শঙ্কা প্রকাশ করছি।’
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র বলেন, বাজেটে ৮৬ হাজার ৬৫৭ কোটি টাকা ঘাটতি দেখানো হয়েছে, যার পুরোটাই ঋণনির্ভর। এ ছাড়া ৪১ হাজার ৫৬৮ কোটি টাকার অতিরিক্ত করের বোঝা চাপবে জাতির কাঁধে।
আসাদুজ্জামান বলেন, অর্থমন্ত্রী প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে যেসব কথা বলেছেন, তা অবাস্তব। রাজনীতিতে স্থিতিশীলতা বহাল থাকলেও অবকাঠামোর দুর্গতি, গ্যাস-বিদ্যুতের অপর্যাপ্ততা, বিদেশি বিনিয়োগ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার কোনো কারণ নেই।
অর্থমন্ত্রীর সমালোচনা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সম্পর্কে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের এক মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন আসাদুজ্জামান। অর্থমন্ত্রী ৩ জুন একটি দৈনিকে সাক্ষাৎকারে বলেছিলেন, ‘খালেদা জিয়ার রাজনীতি ফিনিশড, অফিশিয়ালি তিনি এখন আর কেউ নন।’ এই মন্তব্যের সমালোচনা করে বিএনপির আসাদুজ্জামান বলেন, ‘একজন সাবেক স্বৈরাচারের সহযোগীর পক্ষেই এ ধরনের বক্তব্য মানানসই। বিনা ভোটে এমপি, বোনাসে মন্ত্রিত্ব বহাল থাকায় আবুল মাল আবদুল মুহিত ধরাকে সরা জ্ঞান করছেন। দেশের সর্বাধিক জনপ্রিয় একটি রাজনৈতিক দলের প্রধান ও তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী সম্পর্কে এ ধরনের রাবিশ বক্তব্য ইংরেজি সাহিত্যের ছাত্র, অক্সফোর্ডের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়ুয়া ব্যক্তির মুখে মানায় না।’
‘ভুয়া বাজেট’: প্রস্তাবিত বাজেটকে ‘ভুয়া সরকারের ভুয়া বাজেট’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তিনি গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত এক আলোচনা সভায় তিিন বলেন, ‘আজ থেকে দেড় বছর আগে ৫ জানুয়ারি একটি ভুয়া নির্বাচনের মধ্য দিয়ে ভুয়া সংসদ গঠিত হয়েছিল। সেই ভুয়া সংসদ কর্তৃক একটি ভুয়া সরকার হয়েছিল। ওই ভুয়া সরকার কর্তৃক গতকাল যে বাজেট দেওয়া হয়েছে, তা ভুয়া বাজেট ছাড়া আর কিছু নয়।’