'কমিশন ছাড়া কিছু হয় না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন অভিযোগ করেছেন, সব জায়গায় চাঁদাবাজি চলছে এবং কমিশন ছাড়া কিছুই হয় না। আওয়ামী লীগের লোকজন কমিশন খান এবং চাঁদাবাজি করছেন বলেও তিনি অভিযোগ করেন। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে শাহাদাত হোসেন এসব অভিযোগ করেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রামের একটি মামলায় অভিযোগপত্র দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম নগর বিএনপি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

শাহাদাত হোসেন বলেন, প্রধানমন্ত্রী চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী সম্পর্কে একটি মন্তব্য করেছেন। এটি সিগনিফিকেন্ট (গুরুত্ববহ)। তিনি বলেছিলেন, মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামের উন্নয়ন করেছেন। ১৯৯৪ সালে মহিউদ্দিন চৌধুরী যখন মেয়র হন, তখন বিএনপি ক্ষমতায়। মহিউদ্দিন চৌধুরী আওয়ামী লীগের মেয়র হওয়া সত্ত্বেও বিএনপি চট্টগ্রামে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখেছিল বলে তিনি দাবি করেন।

নগর বিএনপির সভাপতি বলেন, সরকারের লোকজন ও মন্ত্রীরা আদালতের বিরুদ্ধে কথা বললেও তাঁদের বিরুদ্ধে মামলা হয় না। আইনের যত ধারা আছে, সব বিরোধী দলের বিরুদ্ধে প্রয়োগ হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সমাবেশে নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম, নগর যুবদলের সভাপতি কাজী বেলাল, সহসভাপতি ইয়াসিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহ, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন প্রমুখ বক্তৃতা করেন।

নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বলেন, হামলা-মামলা দিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। খালেদা জিয়ার বিরুদ্ধে কিছু করা হলে সেটা দেশের মানুষ মানবে না।

নগর যুবদলের সভাপতি কাজী বেলাল বলেন, খালেদা জিয়াকে ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। সরকার নির্বাচন থেকে দূরে রাখতে খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে যাচ্ছে।

পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ আচরণ করার আহ্বান জানান নগর যুবদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। তিনি বলেন, সবার জন্য সমানভাবে আইনের প্রয়োগ করেন।