দলকে শক্তিশালী, গতিশীল ও ঐক্যবদ্ধ করার কথা সবাই কেবল মুখেই বলেন। অনেকেই পদে থাকলেও দায়িত্ব পালন করেন না, সভা-সমাবেশেও আসেন না। তাঁদের চিহ্নিত করে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। দশম জাতীয় সংসদ নির্বাচনের তিন বছর পূর্তি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে ‘স্বাধীনতা, গণতন্ত্র ও সংবিধান রক্ষায়’ আয়োজিত সমাবেশে নগর আওয়ামী লীগের নেতারা এসব কথা বলেন।
গতকাল বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামের শহীদ মিনারের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নগর কমিটির সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। সমাবেশে নেতা-কর্মীদের কম উপস্থিতি দেখে তিনি বলেন, ‘আমাদের কর্মীরা একটু দেরিতে ঘুম থেকে ওঠেন। তবু অনেকে এসেছেন। তাঁদের ধন্যবাদ।’
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১০ জানুয়ারি নগরের লালদীঘি ময়দানে সমাবেশ হবে বলে জানান মহিউদ্দিন চৌধুরী। সেখানে অবশ্যই কর্মীদের নিয়ে ওয়ার্ড নেতাদের অংশ নিতে নির্দেশ দেন তিনি। তিনি বলেন, ‘আমি আসলাম। মিটিংয়ের সামনে বসে বসে পা নাড়ালাম, তা হবে না। অনেক সহ্য করেছি। আর তো পারি না।’
সমাবেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘স্বাধীনতার সুফল সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য সংগঠনকে ঐক্যবদ্ধ, গতিশীল ও শক্তিশালী করার কথা সবাই মুখে বলেন। কিন্তু এর জন্য কাজের কাজ করা যেটি প্রয়োজন, সেটি করতে পারি নাই।’ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘অনেকে পদ নিয়ে বসে আছেন, কিন্তু দায়িত্ব পালন করেন না। সভা-সমাবেশে আসেন না। আমাদেরও পদ আছে, দায়িত্ব আছে। কিন্তু তারপরও প্রতিটি সভা-সমাবেশে অংশ নিচ্ছি। পদ অলংকৃত করবেন। দলের সব সুযোগ-সুবিধা ভোগ করবেন। সংগঠনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন না। এটি তো হতে পারে না। এটি সংগঠনের সঙ্গে প্রতারণার শামিল। নগর থেকে তৃণমূলে থানা-ওয়ার্ড পর্যায়ে এমন লোক আছেন। পদের প্রতি সুবিচার করুন। অন্যথায় সসম্মানে অব্যাহতি নিন।’
নিষ্ক্রিয় নেতাদের চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়ে মেয়র নাছির বলেন, ‘কিছুদিনের মধ্যে কার্যকর কমিটির সভা ডাকব। যাঁরা পদ নিয়ে দায়িত্ব পালন করেননি, তাঁদের চিহ্নিত করব। পদ থেকে বঞ্চিত করব। যাঁরা সংগঠনের জন্য সময় দেন, ত্যাগী; তাঁদের মূল্যায়ন করা হবে।’
নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন বলেন, ‘দলে কিছু রাজনৈতিক নেতা আছেন, যাঁরা নিজের দল বাদ দিয়ে বিএনপি-জামায়াত যেদিকে আছে সেদিকে উঁকি মারেন। অন্য দলকে নয়, নিজের দলকে ভালোবাসুন।’
সমাবেশে উপস্থিত থাকা সংরক্ষিত নারী আসনের সাংসদ সাবিহা মুছাকে ধন্যবাদ দিয়ে খোরশেদ আলম বলেন, ‘৫ জানুয়ারি অনেকেই রক্ত দিয়ে অনেককে এমপি বানিয়েছেন। কিন্তু আজকের সমাবেশে একজন এমপির উপস্থিতি পেয়েছি। তাঁকে ধন্যবাদ।’
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে না এসে দেশে অসাংবিধানিক সরকার নিয়ে আসতে চেয়েছিল। তারা দেশকে অকার্যকর করতে চেয়েছিল।
নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন নগর কমিটির সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ ও সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, উপপ্রচার সম্পাদক শহীদুল আলম, সিটি করপোরেশনের কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু প্রমুখ।