'কাউকে খুশি করতেই সরকার সুন্দরবন ধ্বংসের প্রকল্প বাস্তবায়ন করছে'
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ হক বলেছেন, দেশ বর্তমানে ক্রান্তিকাল অতিক্রম করছে। কাউকে খুশি করতে সরকার সুন্দরবন ধ্বংসকারী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করছে। দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার সুন্দরবন ধ্বংসের জন্য পরিকল্পনা নিচ্ছে। সুন্দরবন ধ্বংস হলে বাংলাদেশের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে।
গতকাল রোববার বিকেলে সিলেটে নগর বিএনপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এম এ হক এসব কথা বলেন। নগরের মুসলিম সাহিত্য সংসদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।
আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন, কেন্দ্রীয় বিএনপির সহ-ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাকসহ স্থানীয় নেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন নগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান। অনুষ্ঠান থেকে সাময়িক বরখাস্ত হওয়া সিলেট সিটি করপোরেশনের কারাবন্দী মেয়র আরিফুল হক চৌধুরীসহ কারাগারে আটক বন্দীদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।