'কাউন্সিলের জন্য জায়গা না দেওয়ার অভিযোগ ভিত্তিহীন'
কাউন্সিলের জন্য বিএনপিকে জায়গা না দেওয়ার অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলের কাউন্সিল করতে চান কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির ছাত্রফ্রন্ট গঠন উপলক্ষে এক আলোচনা সভায় হাছান মাহমুদ এসব কথা বলেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, সরকার বিএনপিকে সম্মেলনের জন্য কোনো জায়গা দিচ্ছে না—বিএনপির চেয়ারপারসনের এমন অভিযোগ ভিত্তিহীন। তিনি বলেন, ‘সরকার বিএনপিকে কাউন্সিলের জন্য ঢাকা শহরের সবচেয়ে বড় জায়গা সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দিয়েছে। কিন্তু এরপরও খালেদা জিয়া এ অভিযোগ করছেন। আসলে খালেদা জিয়া আদৌ তাঁর দলের কাউন্সিল চান কি না, তা নিয়ে আমি সন্দিহান।’
এক-এগারোর সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ‘মিথ্যা সংবাদ’ ছাপানোর অভিযোগে ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামকে দায় স্বীকার করে পদত্যাগের আহ্বান জানান হাছান মাহমুদ। তিনি বলেন, ‘শুধু ভুল স্বীকার করলেই হবে না মাহফুজ আনামসহ যাঁরা এই গর্হিত ও উদ্দেশ্যপ্রণোদিত কাজটি করেছেন, তাঁদের উচিত হবে দায় স্বীকার করে পদত্যাগ করা।’
হাছান মাহমুদ বলেন, ডেইলি স্টার-এ প্রকাশিত মিথ্যা সংবাদটি সে সময়ে শেখ হাসিনাকে তৎকালীন সেনা-সমর্থিত সরকারের করা মিথ্যা মামলায় গ্রেপ্তারের পটভূমি তৈরির উদ্দেশ্যেই হয়েছিল। মাহফুজ আনামসহ যাঁরা এ মিথ্যা সংবাদটির প্রকাশের সঙ্গে জড়িত ছিলেন, তাঁদের প্রতি আহ্বান জানাব আপনারা আপনাদের দায় স্বীকার করে পদত্যাগ করুন।
হাছান মাহমুদ দাবি করেন, বাংলাদেশে সংবাদমাধ্যম অনেক বেশি স্বাধীনতা ভোগ করে।
ইউনাইটেড ইসলামী পার্টির সভাপতি মাওলানা মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক আখতারুজ্জামান ও ইউনাইটেড ইসলামী পার্টির কেন্দ্রীয় নেতারা।