'কারাবন্দী নেতাদের মুক্তি না দিয়ে নির্বাচন হবে প্রহসনমূলক'
বিএনপি কখনোই নির্বাচনকে ভয় পায় না বলে মন্তব্য করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এমাজউদ্দীন আহমদ। তবে তাঁর মতে, কারাবন্দী নেতাদের মুক্তি না দিয়ে নির্বাচন করা হবে প্রসহনমূলক।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেন, ‘যতক্ষণ পর্যন্ত না কারাবন্দী নেতারা মুক্তি পাচ্ছেন, ততক্ষণ কোনো নির্বাচন অনুষ্ঠান হবে প্রহসনমূলক। আর ওই প্রহসনের নির্বাচন কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না।’ তিনি আরও বলেন, ‘নির্বাচন সম্পর্কে আওয়ামী লীগের চিন্তাভাবনা আমি ভালো করে জানি। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, নির্বাচনকে বিএনপি ভয় পায় না। হিসাব করে দেখা গেছে, সরকার বিরোধী দলের বিপক্ষে প্রায় ১৯ হাজার মামলা করেছে, যার আসামি প্রায় পাঁচ লাখ। ভাবা যায় না, হিসাব করা যায় না। কোনো সভ্য দেশে এ রকমটি হয় না। তারপর নির্বাচন কমিশন আবার নির্বাচনের কথাও বলছে।’ নির্বাচন কমিশনকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ইচ্ছা হলো নির্বাচন দিয়ে ফেললাম বা হুকুম তালিম করলাম—এ রকম নির্বাচন কমিশনের প্রয়োজন নেই।’
অনুষ্ঠানের প্রধান বক্তা আবদুল্লাহ আল নোমান বলেন, চরম একটা নির্যাতনের মুখে জাতি। অভিজিতের স্ত্রী হোক অথবা দীপনের পিতা অথবা অন্য কোনো নাগরিক, কেউ কোনো বিচার এই সরকারের কাছ থেকে চান না। সরকারের প্রতি পরিপূর্ণ একটা অনাস্থা থাকায় কেউ আর সরকারকে আস্থায় নিতে চান না।
দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের মতে, বিদ্যমান যে পরিস্থিতি তা চলমান থাকলে দেশে গৃহযুদ্ধের সৃষ্টি হবে।
বিএনপির চেয়ারপারসনের আরেক উপদেষ্টা শামসুজ্জামান দুদু সাম্প্রতিক সময়ে ব্লগার, লেখক, প্রকাশক হত্যার উল্লেখ করে বলেন, ‘স্বাভাবিক পথ খোলা না থাকলে অস্বাভাবিক পথ সামনে আসবে। আমরা অস্বাভাবিক পথ চাই না, সেটা কারও জন্য মঙ্গলজনক হবে না।’
বক্তাদের সবাই বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদের সভাপতি আবু নাসের মো. রহমতুল্লাহ।