'কালাকানুন করে আওয়ামী লীগ ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চাইছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে নেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগরে মিছিল ও সমাবেশ হয়েছে।
নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, কালাকানুন করে আওয়ামী লীগ ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চাইছে। জনগণ এর জবাব দেবে।
সমাবেশের প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার একে একে গণতন্ত্রের সব অঙ্গপ্রত্যঙ্গ কেটে ফেলছে। কিছুদিন আগে তারা জাতীয় সম্প্রচার নীতিমালা প্রণয়ন করেছে। এর আগে ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে।
সমাবেশের প্রধান বক্তা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে একের পর এক নিত্যনতুন আইনকানুন করছে। বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে নেওয়ার মাধ্যমে ক্ষমতা পাকাপোক্ত করার চেষ্টা করছে। কিন্তু জনগণ সেই চেষ্টা সফল করতে দেবে না।
নগর বিএনপির সহসভাপতি সামশুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, সাবেক সাংসদ বেগম রোজি কবির, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।