'কিছু মন্ত্রী-সাংসদ সম্মানিতদের অসম্মান করছেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নজরুল ইসলাম খান।
নজরুল ইসলাম খান।

সরকারের কিছু মন্ত্রী-সাংসদ যুক্তি ছাড়াই সম্মানিত ব্যক্তিদের অসম্মান করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত বিজয় দিবসের আলোচনায় নজরুল ইসলাম খান এ অভিযোগ করেন।
বিএনপির এই নেতা বলেন, ‘রাজনীতিতে কথা বলার, সমালোচনা করার অধিকার সবার আছে। তবে, তাতে যুক্তি থাকতে হবে। যখন যুক্তি থাকে না, তখনই তাঁরা (মন্ত্রী-এমপি) গালিগালাজ করেন। এমনটাই করছে সরকার। যুক্তি ছাড়াই তারেক রহমানকে গালাগাল করা হচ্ছে, এমনকি বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীকেও রাজাকার বলছে।’
‘জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব কেড়ে নেওয়া দরকার’ খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের এমন বক্তব্য উদ্ধৃত করে তাঁর কড়া সমালোচনা করেন নজরুল ইসলাম। তিনি বলেন, ‘জিয়াউর রহমানের খেতাব দিয়েছেন স্বাধীনতা আন্দোলনের মূল ব্যক্তি, তাঁদেরই নেতা। আর তিনি বলছেন খেতাব কেড়ে নেওয়া দরকার। তিনি (কামরুল) তো মুক্তিযুদ্ধের ধারেকাছেই ছিলেন না। আর ‘বীর অধম’ হওয়ার যোগ্যতাও তাঁর নেই।’

‘এক মুহূর্তের জন্যও রাজপথে নামতে দেব না’, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের এ বক্তব্য উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, ‘আপনি তো বলেন, আপনারা গণতান্ত্রিক সরকার। কিন্তু আপনার বক্তব্যে তো বাকশালের দুর্গন্ধ বের হচ্ছে।’

সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, দলের নেতা আবদুল লতিফ, হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাবের সহসভাপতি রফিকুল কবির।