'কুসন্তান' নূর চৌধুরী সিলেটকে কলঙ্কিত করেছে: কামরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া নূর চৌধুরীকে সিলেটের কুসন্তান বলে মন্তব্য করেছেন সিলেট নগর আওয়ামী লীগের সভাপতি ও সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে মহানগর ছাত্রলীগ আয়োজিত মানববন্ধন চলাকালে কামরান প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

নূর চৌধুরীর বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার লাউয়াই গ্রামে। নূর চৌধুরী ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত‌্যাকাণ্ডে মৃত্যুদণ্ডের রায় নিয়ে বিদেশে পালিয়ে আছেন আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, এম রাশেদ চৌধুরী, আবদুল মাজেদ ও রিসালদার মোসলেম উদ্দিন।
বঙ্গবন্ধু হত‌্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ জনের মধ্যে ৫ জনের ফাঁসি ২০১০ সালের ২৭ জানুয়ারি কার্যকর হয়।

বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের দাবির প্রতি দেশের আপামর জনসাধারণকে একাত্ম হওয়ার আহ্বান জানিয়ে সমাবেশের প্রধান অতিথি কামরান বলেন, ‘বিদেশে অবস্থানরত বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফিরিয়ে দিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিলেও কোনো উত্তর মেলেনি। সিলেটের আরেক কুসন্তান নূর চৌধুরী। কুসন্তান নূর চৌধুরী বঙ্গবন্ধুকে হত্যার সময় প্রথম গুলি চালিয়ে সিলেটকে কলঙ্কিত করেছে। আমরা কলঙ্ক মোচনে নূর চৌধুরীকে ফেরত চাই।’

সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন নগর ছাত্রলীগের সভাপতি আবদুল বাছিত। সাধারণ সম্পাদক আবদুল আলীমের সঞ্চালনায় সমাবেশে নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য এমদাদুল হক, শাহ আলম, সাংগঠনিক সম্পাদক সজল দাস বক্তব্য দেন।