'কেউ আওয়ামী লীগে আসতে চাইলে বাধা দিতে পারি না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমকে ইঙ্গিত করে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, ‘কেউ আওয়ামী লীগে আসতে চাইলে বাধা দিতে পারি না। আমি পরশ্রীকাতর নই। মনজুর সাহেবকে নিয়ে অনেকে অনেক কথা বলছেন। তিনি দীর্ঘ দিন আমার সঙ্গে ছিলেন, আওয়ামী লীগ করেছেন। পরে আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করে মেয়র হয়েছেন।’
গতকাল শনিবার নগরের কাট্টলী এলাকার মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন মহিউদ্দিন চৌধুরী। এ সময় মঞ্চে মনজুর আলম উপস্থিত ছিলেন। তিনিই মূলত ওই ফাউন্ডেশন পরিচালনা করেন।
সমাজসেবায় অবদান রাখায় ফাউন্ডেশনের পক্ষ থেকে ৪৪ জনকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত ব্যক্তিদের প্রায় সবাই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।
অনুষ্ঠানে সীতাকুণ্ডের পৌর মেয়র ও আওয়ামী লীগের নেতা বদিউল আলম, সীতাকুণ্ড উপজেলার ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন ছাবেরী, আকবর শাহ থানা আওয়ামী লীগের সভাপতি সুলতান আহমেদ, সাধারণ সম্পাদক কাজী আলতাফ প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘মনজুর আলম আমাকে নির্বাচনে পরাজিত করেছেন। তাতে আমার কোনো আক্ষেপ নেই। তাঁর সঙ্গে আমার দীর্ঘ দিনের সুসম্পর্ক রয়েছে। আমাদের মধ্যে আন্তরিকতার কোনো ঘাটতি নেই। ওয়াদা করছি, তাঁকে আমি সহযোগিতা করব। তাঁর সঙ্গে আছি এবং থাকব।’