'কেউ কেউ খাল কাইটা কুমির আনতাছেন'

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘এলাকায় কেউ কোনো দ্বন্দ্ব করতে পারবেন না। কিছু এলাকায় শুরু হয়ে গেছে, তোর লোক না আমার লোক। এই দ্বন্দ্ব কইরেন না। এইটা যদি করতে চান তাহলে ভুল করবেন। কেউ কেউ খাল কাইটা কুমির আনতাছেন।’
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় নগরের মাসদাইরের একটি কমিউনিটি সেন্টারে ফতুল্লা থানা আওয়ামী লীগের কর্মীদের নিয়ে আলোচনা ও প্রস্তুতি সভায় শামীম ওসমান এসব কথা বলেন। আগামী ২ মার্চ আয়োজিত জনসভার প্রস্তুতি উপলক্ষে এ সভা হয়। অনুষ্ঠানে শামীম ওসমান বলেন, ‘থানাভিত্তিক, পুলিশভিত্তিক, ফতুল্লা থানাভিত্তিক আওয়ামী লীগ কেউ করতে যাইয়েন না। লাভ হবে না কিন্তু, কিছু লাভ হবে না। আমার হাত না থাকলে এলাকায় থাকতে পারবেন না।’
শামীম ওসমান হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমার দলের কোনো নেতা-কর্মীর অপরাধ ক্ষমা হবে না, কোনো খাতির হবে না। খারাপ লোকের দায়িত্ব আমি নেব না।’ তিনি বলেন, ‘আমি সংসদ শেষ হলে উপজেলায় গিয়ে বসব। এবার উপজেলা নির্বাচন করাব। আমি একা উপজেলা নির্বাচনে প্রার্থী হব। অন্য কেউ প্রার্থী হতে পারবেন না।’ শামীম ওসমান বলেন, ‘একটা নির্বাচন গেছে। এই নির্বাচনে কিছু প্লাস আছে, কিছু মাইনাস আছে।’
ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম।