'কেন রে ভাই, গ্যাস কেন মারা হচ্ছে?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পুলিশকে সরকারি দলের আনুগত্য থেকে বেরিয়ে আসতে বলেছেন। তিনি বলেছেন, দেশটা কার্যত পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। এ অবস্থা চলতে পারে না।
আজ সোমবার গুলশান কার্যালয় থেকে বের হওয়ার জন্য খালেদা জিয়া যখন প্রস্তুতি নিচ্ছিলেন, তখন কার্যালয়ের ফটকে পুলিশ তালা লাগিয়ে দেয়। বিএনপির নেতা–নেত্রীরা ওই তালা ভাঙতে গেলে পুলিশ পেপার স্প্রে ব্যবহার করে। এ ঘটনার অল্প কিছুক্ষণ পরই খালেদা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন।
বক্তব্যের একপর্যায়ে খালেদা জিয়া পুলিশকে উদ্দেশ করে বলেন, ‘কেন রে ভাই, গ্যাস কেন মারা হচ্ছে? আমি তো কথা বলছি। কথাও কি আপনারা বলতে দেবেন না? আপনারা তো জনগণের ট্যাক্সে চলেন।’ তিনি বলেন, ‘স্প্রে করে কী আনন্দ পাচ্ছেন?’
পুলিশ বাহিনীতে সরকারের এজেন্ট ঢুকে গেছে, মন্তব্য করে খালেদা জিয়া বলেন, একটি বিশেষ জেলার লোককে পুলিশ বাহিনীতে ঢোকানো হয়েছে। পুলিশ দিয়ে সরকার সব কাজ করাচ্ছে। যা পুলিশের কাজ নয় তা–ও করানো হচ্ছে। তিনি ফটকের বাইরে দাঁড়ানো পুলিশের সদস্যদের উদ্দেশ করে বলেন, ‘বেশি বাড়াবাড়ি করবেন না। বাড়াবাড়ি বেশি দিন চলবে না। এর পরিণতি ভোগ করতে হবে।’
খালেদা জিয়া বলেন, ‘এখানে এমন কী হলো যে নারীদের ওপর পেপার স্প্রে করতে হবে?’ তিনি পুলিশের সদস্যদের বলেন, তাঁদেরও মা–বোন আছে। তাঁরা এই দৃশ্য দেখলে তাঁদের (পুলিশের) সম্পর্কে খারাপ ধারণা করবে। তিনি বলেন, ‘এই দেশ আপনাদেরও দেশ। কেমন করে আপনারা মা–বোনের ওপর স্প্রে (পেপার স্প্রে) করেন?’

খালেদা জিয়া বলেন, ‘ভুলে যাবেন না। আপনাদেরও মা, বোন, ভাই আছে। আমি (গাড়ির) বাইরে থাকলে বেশি ক্ষতিগ্রস্ত হতাম।’