'কেমন নাগছে বলি বুঝবার পাবার নই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাইতোত ঘুম আইসে না। খালি মনে হয় কখন ভোট দিবার যাইম। জীবনের প্রথম ভোট দিলং। আশা পূরণ অইছে। কেমন নাগছে বলি বুঝবার পাবার নই।’ সুখো বেওয়া নামের এক বৃদ্ধা এসব কথা বলেন। তিনি গতকাল সোমবার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) নাগদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট দিয়ে হাসিমুখে বেরিয়ে আসার সময় বিদ্যালয়ের মাঠে সুখো বেওয়া আরও বলেন, ‘হামার বাপের বাড়ি ছিটের বাইরে। বিয়া হয় ছিটের বানিয়া পাড়ার আবুল হোসেনের সঙ্গে। বিয়া হয়া আসি সেই যে বন্দী হইলাম আর বাইর হবার পারি নাই। স্বামী মরি গেইছে বহু দিন। তিন ছাওয়াল। তিন বেটি নিয়া আছি। কোন দ্যাশের মানুষ তাও কবার পাই না। হামাক বাংলাদেশি বানাল। আস্তা-ঘাট হবার নাগছে। এল্যা বলে ভোট।’
সুখো বেওয়ার ছেলে সাহাদৎ হোসেন বলেন, ‘ভোটের কথা শুনে মায়ের নাওয়া-খাওয়া বন্ধ হওয়ার উপক্রম। দুদিন থেকে তিনি অস্থির। বাড়িতে গেলেই বলেন, “বাবা ভোট হইবে তো। কুন দিন?” আমরা ছিটের মানুষ কোনো দিন ভোট দিতে পারব, ভাবতে পারি নাই। এ আনন্দ বলে বোঝান যাবে না।’
বিলুপ্ত দাসিয়ারছড়া ছিটমহলে গতকাল সরেজমিনে দেখা গেছে, মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সকাল থেকে বিভিন্ন বয়সের নারী-পুরুষ নতুন জামাকাপড় পরে পরিপাটি হয়ে ভোটকেন্দ্রে এসেছেন ভোট দিতে। শান্তিপূর্ণভাবে তাঁরা ভোট দিয়েছেন। কোথাও কোনো সমস্যা হয়নি।
নাগদহ কেন্দ্রে ঝরনা রানি নামের এক নারী বলেন, ‘আজকের দিনটির জন্য ছিটের মানুষ অপেক্ষা করে ছিল। আগে আমাদের কোনো পরিচয়ই ছিল না। দুঃখ-কষ্ট আর নারী নির্যাতনের কথা বলার মানুষ ছিল না। এখন ভোট দিয়া চেয়ারম্যান-মেম্বার বানাব। তাঁরা আমাদের সমস্যা দেখবেন।’
বিলুপ্ত ছিটমহলের ভেতরে শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসা কেন্দ্রে কথা হয় হাবিবুর রহমান ও নূর ইসলামের সঙ্গে। তাঁরা বলেন, ছিটের মানুষ ৬৮ বছর নাগরিকত্বের স্বাদ পায়নি। ভোট দিতে পারেনি। প্রথমবার ভোট দিতে পেরে সবাই আনন্দে ভাসছে। উৎসব শুরু হয়েছে।
এ ছাড়া উপজেলার কাশীপুর ও ভাঙা মোড় ইউপিতে গতকাল ভোট নেওয়া হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।