'কোকোর মৃত্যুর জন্য সাবেক তত্ত্বাবধায়ক সরকার দায়ী'
খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অকালমৃত্যুর জন্য পরোক্ষভাবে এক-এগারোর সেনা-সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারকে দায়ী করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ওই সরকার কোকোকে গ্রেপ্তার করে মানসিক নিপীড়ন না চালালে হয়তো এত তাড়াতাড়ি তাঁর মৃত্যু হতো না।
গতকাল সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে নজরুল এই মন্তব্য করেন। কোকোর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রদল ওই দোয়া মাহফিলের আয়োজন করে। এর আগে গত রোববার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কোকোর মৃত্যুর জন্য সাবেক তত্ত্বাবধায়ক সরকারকে দায়ী করে বক্তব্য দিয়েছিলেন।
গতকাল নজরুল ইসলাম খান বলেন, কেন আরাফাত রহমান কোকোকে অকালে জীবন দিতে হলো? তথাকথিত এক-এগারোর অসাংবিধানিক সরকারের আমলে খালেদা জিয়াকে দুর্বল করার জন্য, সরকারের বৈধতার ব্যাপারে খালেদা জিয়ার সমর্থন আদায়ের জন্য তাঁর দুই ছেলেকে গ্রেপ্তার করা হয়। এটা ছিল প্রাথমিক ইচ্ছা। তাদের চূড়ান্ত ইচ্ছা ছিল জিয়া পরিবারকে ধ্বংস করা।