'খালেদা কি বলেছেন যে, দেশ রসাতলে গেল?'
খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, অন্যথায় যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্রমন্ত্রী মামলা জন্য অনুমতি দিয়েছেন, একদিন তাদেরও ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত প্রতিবাদ সভায় হাফিজ উদ্দিন আহমেদ এসব কথা বলেন।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, খালেদা জিয়া এমনকি বলেছেন যে, দেশ রসাতলে গেল? যিনি মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানিদের হাতে দুটি সন্তানসহ ছয় মাস বন্দী থাকলেন, নির্যাতন ভোগ করলেন, তিনি আজ দেশদ্রোহী হয়ে গেলেন। আর যারা পালিয়ে বেড়াল তারা হয়ে গেলেন মুক্তিযোদ্ধা। তিনি সরকারের উদ্দেশে বলেন, দেশে যদি গণতন্ত্র থাকত, ভোটাধিকার থাকত, আর যদি কোনো কারণে আগামী এক মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে দেখা যাবে কে দেশদ্রোহী।
সরকারকে মামলাবাজি বন্ধ করার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘যেভাবে সরকার মামলাবাজি শুরু করেছে তাতে প্রধান বিচারপতির নামে দেশদ্রোহিতার মামলা হলে মোটেও আশ্চর্য হব না।’
সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির নেতা শাহ মোহাম্মদ আবু জাফর, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, রাশেদা বেগম, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান খোকন প্রমুখ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত।
গত ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, ‘মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে। আজকে বলা হয়, এত লাখ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ না করে খালেদা জিয়া দাবি করেন, তিনি বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হতো না।
মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে ওই মন্তব্যের কারণে খালেদা জিয়ার বিরুদ্ধে এক আইনজীবী রাষ্ট্রদ্রোহের মামলা করেন। ওই মামলা আমলে নিয়ে সমন জারি করেছেন আদালত। আগামী ৩ মার্চ তাঁকে আদালতে হাজির হতে হবে।