চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন বলেছেন, ‘এই অবৈধ সরকার ক্ষমতায় আসার পর থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। অবৈধ সরকার চাইলেও ১৬ কোটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার কোনো ক্ষতি করতে পারবে না।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যুবদলের চট্টগ্রাম নগর কমিটি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
গতকাল শুক্রবার বেলা ১১টায় দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়। নগর যুবদলের সভাপতি কাজী বেলাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম, নগর যুবদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। সমাবেশের আগে কাজীর দেউড়ি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নাসিমন ভবনের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে শাহাদাত হোসেন আরও বলেন, ‘দেশে একটা ঘটনা ঘটলে সেটাকে আড়াল করতে অন্য একটি ঘটনা মঞ্চস্থ করা হয়। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলা এবং গাইবান্ধায় সাঁওতালদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় সারা দেশ যখন উত্তাল, তখনই তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাজানো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সরকার। এসব পরোয়ানায় বিএনপির নেতা-কর্মীরা ভয় করে না।’
নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বলেন, ‘মামলা-হামলা, নির্যাতন-নিপীড়ন করে বিএনপির নেতা-কর্মীদের দমিয়ে রাখা যাবে না। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে যুবদলের নেতা-কর্মীরা প্রস্তুত।’
নগর যুবদলের সভাপতি কাজী বেলাল উদ্দিন বলেন, ‘হামলা-মামলা এবং পরোয়ানা জারি করে বিএনপিকে দুর্বল করা যাবে না। বেগম জিয়া জনগণের নেত্রী। দেশের মানুষ সব ষড়যন্ত্র ছিন্ন করে দেবে।’
মোহাম্মদ শাহেদের নেতৃত্বে পৃথক সমাবেশ: এদিকে নগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদের নেতৃত্বে বিকেলে নাসিমন ভবন চত্বরে আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পাঁচলাইশ থানা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী, চকবাজার থানা যুবদলের সভাপতি এমদাদুল হক প্রমুখ বক্তব্য দেন।
সভায় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া ও গাইবান্ধায় সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। এতে সরকারের লোকজন জড়িত। এই দুটি ঘটনা ভিন্ন দিকে নিতে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।