'খালেদা জিয়ার বক্তব্য বিচারহীনতার অপসংস্কৃতি জিইয়ে রাখার চক্রান্ত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসানুল হক ইনু । ফাইল ছবি
হাসানুল হক ইনু । ফাইল ছবি

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘খালেদা জিয়ার আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের ঝোঁক বিচারহীনতার অপসংস্কৃতি জিইয়ে রাখারই চক্রান্ত। এটি গণতন্ত্রের জন্য বিপজ্জনক।’

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী সংস্থার সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী এ সময় শিল্পীদের সম্মানী, শ্রেণিবিন্যাস ও বিভিন্ন দাপ্তরিক সুবিধাদি পুনরায় পর্যালোচনা করে যুগোপযোগী করে তোলার পক্ষে অভিমত দেন।

রাজনীতির ক্ষেত্রে শিল্পীদের অবদান কোনো অংশেই কম নয় উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আদালতে যাবেন না বলে আদালতের ওপরে রাজনৈতিক তকমা আরোপ করে খালেদা জিয়া একদিকে নিজের অপরাধ আড়াল করার চেষ্টা করছেন, অপর দিকে আদালতকে রাজনৈতিকভাবে বিতর্কিত করার চেষ্টা করছেন। এ অপচেষ্টার বিষয়ে সবার সঙ্গে শিল্পীদেরও সতর্ক থাকতে হবে।’

তিনি বলেন, ‘মনে রাখতে হবে, আদালত যেকোনো জায়গা বসতে পারে। আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ আছে, দর্শকদের বসার সুযোগ আছে, সাংবাদিকদের প্রবেশাধিকার আছে। এটি কোনো গোপন আদালত নয়। সুতরাং উন্মুক্ত আদালতে না যাওয়ার কথা বলার অর্থ বিচারহীনতার অপসংস্কৃতি জিইয়ে রাখার চক্রান্ত।’

শিল্পী সংস্থার সভাপতি ইনামুল হক, সাধারণ সম্পাদক সাইফুল আজম বাশারসহ বেতার ও টেলিভিশনের শিল্পীরা সভায় আলোচনায় অংশ নেন। তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবুয়াল হোসেন, অতিরিক্ত সচিব মো. আজহারুল হক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আমির হোসেন, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীলসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।