বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন অভিযোগ করেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়ে আওয়ামী লীগ দেশে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে। এ সরকারের বিরুদ্ধে যে কথা বলবে, তাকে জেলে যেতে হবে। সরকার প্রতিহিংসাপরায়ণ হয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় অভিযোগপত্র দিয়েছে। এর পরিণাম শুভ হবে না।
গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগর যুবদল আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন এসব অভিযোগ করেন। তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন।
চট্টগ্রাম বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে শাহাদাত হোসেন অভিযোগ করেন, খালেদা জিয়াকে মামলার বেড়াজালে আটকিয়ে সরকার ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে। গণতন্ত্র আওয়ামী লীগের কাছে জিম্মি হয়ে হয়ে আছে। এই অবৈধ সরকারের পতন অবশ্যই আন্দোলনের মাধ্যমেই হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় খালেদা জিয়ার নেতৃত্বে যুবদলের কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে ভূমিকা রাখাতে হবে।
চট্টগ্রাম নগর যুবদলের সভাপতি কাজী বেলাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের সদস্য মোশারফ হোসেন, নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।
সমাবেশে যুবদলের সভাপতি কাজী বেলাল উদ্দিন সরকারের সমালোচনা করে বলেন, হামলা চালিয়ে ও মামলা দিয়ে বিএনপির অগ্রযাত্রা রোধ করা যাবে না। খালেদা জিয়াকে মামলার ভয় দেখিয়ে লাভ নেই।
যুবদলের সদস্য মোশাররফ হোসেন বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করার জবাব আওয়ামী লীগকে একদিন দিতে হবে।