চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন বলেন, ‘আপসহীন নেত্রী খালেদা জিয়াকে দলীয় নেতা-কর্মী ও জনগণ থেকে বিচ্ছিন্ন করার রাষ্ট্রীয় ষড়যন্ত্র চলছে। এর অংশ হিসেবে তাঁর বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা বেঁচে থাকতে সরকারের ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেওয়া হবে না।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্র থেকে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম নগরে বিএনপির কার্যালয় নাসিমন ভবন চত্বরে যুবদল এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
চট্টগ্রাম নগর যুবদলের সভাপতি কাজী বেলাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নগর যুবদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, নগর যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি ইয়াসিন চৌধুরী, কেন্দ্রীয় সদস্য শাহেদ বক্স প্রমুখ।
সমাবেশে শাহাদাত হোসেন আরও বলেন, ‘জনগণের আস্থাভাজন নেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং জাতীয়তাবাদী দলের নেতা-কর্মীদের জেলে পাঠিয়ে সরকার ক্ষমতার মসনদকে চিরস্থায়ী করতে চাইলে সেটা ভুল হবে। কারণ বীরের জাতি নিজের অধিকার আদায়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে পিছপা হয় না।’
নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর বলেন, ‘গণতন্ত্র ছাড়া একটি দেশ চলতে পারে না। অবৈধভাবে ক্ষমতায় এসে স্বৈরাচারী কায়দায় দেশ শাসন করছে আওয়ামী লীগ। এখন গণতন্ত্রের কথা বললেই মামলা-হামলা, নির্যাতন, খুন ও গুমের শিকার হতে হয়।’
এদিকে নগর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদের নেতৃত্বে গতকাল বিকেলে কাজীর দেউড়ি-সংলগ্ন নূর আহম্মদ সড়কে আরেকটি প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশে বক্তারা বলেন, খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে সরকারি ষড়যন্ত্রের অংশ হিসেবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। খালেদা জিয়াকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।
মোহাম্মদ শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চান্দগাঁও থানা যুবদলের আহ্বায়ক জাফর আহমদ, নগর যুবদলের নেতা এম এ মনসুর, অরূপ বড়ুয়া, মুহাম্মদ আলী ও মানিক চৌধুরী।