'খালেদা নিজেই সংলাপের পরিবেশ নষ্ট করছেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নিজেই সংলাপের পরিবেশ নষ্ট করছেন। তাঁর ভাষা আন্তরিক নয়।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। ‘জলবায়ুর প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য’ শীর্ষক ওই সেমিনারের আয়োজক তথ্য দর্পণ নামের একটি সংগঠন।

অনুষ্ঠানে নাসিম বলেন, খালেদা জিয়া সংলাপের আহ্বান জানিয়েছেন। কিন্তু অন্যদিকে তিনি বিদেশে গিয়ে সরকার ও শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে আক্রমণ করে কথা বলছেন, তা রাজনৈতিক সমঝোতার ভাষা হতে পারে না। এর মাধ্যমে খালেদা জিয়া নিজেই সংলাপের পরিবেশ নষ্ট করছেন। এটা আন্তরিকতার ভাষা নয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ দেশে অনেক রাজনৈতিক সংলাপ হয়েছে। কিন্তু কোনো সংলাপই সফল হয়নি। সংলাপের কথা শুনতে ভালো লাগে। কিন্তু সংলাপের কোনো সম্ভাবনা নেই।

খালেদা জিয়াকে উদ্দেশ করে নাসিম বলেন, ‘নাটক করবেন না। ২০১৯ সালের জন্য প্রস্তুত হন। দল গোছান। সমঝোতা হওয়ার সুযোগ নেই।’

২০১৯ সালের জাতীয় নির্বাচনেও শেখ হাসিনা জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন নাসিম।

বিএনপিকে উদ্দেশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দলটি তাদের মৌলিক অবস্থান থেকে কখনো সরে আসে না। যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তারা নিজেদের অবস্থান বদলায়নি; বরং বিচারকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে যাচ্ছে।

দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের একটি বক্তব্য প্রসঙ্গে নাসিম বলেন, ‘আসেন, মাঠে খেলি। একসঙ্গে খেলি। যেভাবে বাংলাদেশ জিম্বাবুয়েকে হারাল, এটাই রিয়াল (আসল) খেলা। রিয়াল টাইগারদের খেলা। না খেলে পালিয়ে গেলে তো হবে না।’

দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না জানতে চাইলে মওদুদ আহমদ গতকাল শনিবার সাংবাদিকদের বলেন, ‘ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগের প্রশ্নই আসে না। খুব সম্ভব আমরা নির্বাচনে যাব। এটা নির্ভর করবে বেগম জিয়া দেশে আসার পর ওনার সিদ্ধান্তের ওপর। আশা করছি, তিনি খুব শিগগির ফিরে আসবেন। এরপর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’