'খালেদা ব্যর্থ নেত্রী, তারেক শ্রেষ্ঠ বেয়াদব'
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ‘খালেদা জিয়া এই বছরের সবচেয়ে ব্যর্থ নেত্রী, আর তারেক রহমান শ্রেষ্ঠ বেয়াদব। খালেদা জিয়াÿক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছেন, কিন্তু জনগণ তাঁর এই চক্রান্ত বুঝে গেছে। এমনকি তাঁর দলের নেতা–কর্মীরাও এখন এই ব্যর্থ নেত্রীর কথায় কান দিচ্ছেন না।’
সরকারের এক বছর পূর্তি উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে জেলা তথ্য অফিস আয়োজিত আলোচনা সভা ও র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সভায় প্রতিমন্ত্রী তারেক রহমান সম্পর্কে বলেন, ‘তারেক জাতির জনক ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের নিয়ে অশোভন আচরণ করে শ্রেষ্ঠ বেয়াদব হিসেবে জাতির কাছে নিজেকে উপস্থাপন করেছে।’
ভারপ্রাপ্ত উপজেলা কর্মকর্তা ভাস্কর দাসের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আহমেদুল কবির, সাধারণ সম্পাদক শাহ আলম দেওয়ান, আওয়ামী লীগের নেতা পরিমল চন্দ্র ঘোষ, জেলা তথ্য কর্মকর্তা নাছিমা বেগম প্রমুখ।