'খালেদাকে নির্বাচনের অযোগ্য করতে দেওয়া হবে না'

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দিয়ে নির্বাচনে অযোগ্য করা এ দেশে হতে দেওয়া হবে না। যেসব রাজনীতিবিদ ক্ষমতার অপব্যবহার করেন, তাঁদের বিচার হবে জনগণের আদালতে।
আজ বুধবার খুলনা নগরের ইউনাইটেড ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপি এর আয়োজন করে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে প্রতি সপ্তাহে আদালতে যেতে হয়। এটি লজ্জাজনক ব্যাপার।’ আগামী নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘ভবিষ্যতে দেশে খালেদা জিয়াকে ছাড়া কোনো সংসদ নির্বাচন হবে না। শেখ হাসিনার অধীনেও কোনো নির্বাচন হবে না। নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না, তা নিয়ে চিন্তাভাবনা না করে নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হলে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কি না, তা নিয়ে সমালোচকদের চিন্তা করতে হবে।’
আর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ পরাজিত হলেও দলটির নেতাদের দেশত্যাগ করতে হবে না বলে মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়। তবে তাঁদের শাসনামলে যত লুটপাট, দুর্নীতি, অনিয়ম, অপরাধ হয়েছে, তার জন্য নেতাদের আদালতে যেতে হতে পারে। তাঁর অভিযোগ, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আওয়ামী লীগের জন্ম হলেও আজ তারা ওই আদর্শ থেকে অনেক দূরে সরে গেছে। তারা ভোট ছাড়াই ক্ষমতায় থাকতে চায়।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এম নুরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, অনিন্দ্য ইসলাম প্রমুখ।