'খালেদার বক্তব্য মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার নীলনকশা'
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়া সচেতনভাবে কতজন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন—সে বিষয়ে প্রশ্ন তুলেছেন। এটা পুরো মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিতর্কিত করার নীলনকশা।
আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় হাছান মাহমুদ এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘বেগম জিয়ার বক্তব্য দেখে মনে হচ্ছিল, তিনি ক্লান্ত ও অসুস্থ। তাই বলে পুরো বিএনপি অসুস্থ হতে পারে না। ড্যাব নেতাদের প্রতি আহ্বান, দয়া করে মেডিকেল টিম গঠন করে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার ব্যবস্থা করুন। তিনি বোধ হয় লন্ডন থেকে পুরো চিকিৎসা না নিয়েই দেশে ফিরে এসেছেন। তাঁকে আবার লন্ডন পাঠান। আপনারা তাঁর চিকিৎসা করতে না পারলে আমাদের স্বাধীনতা চিকিৎসা পরিষদ এ জন্য মেডিকেল টিম গঠন করবে।’
‘আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের দল নয়’—খালেদা জিয়ার এমন মন্তব্যের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, সম্ভবত তাঁর কাছে জামায়াত মুক্তিযোদ্ধাদের দল। যে দল মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছে, নির্বিচারে মানুষ হত্যা করেছে; সেই জামায়াতের সঙ্গেই জোট বেঁধেছেন তিনি। আর জামায়াত তো পাকিস্তানের পক্ষে অস্ত্র ধরেছে। সে জন্যই খালেদা জিয়ার কাছে সম্ভবত জামায়াতই মুক্তিযুদ্ধের দল।
সংগঠনের সভাপতি জাকির আহমাদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আবদুর রাজ্জাকের ছেলে সাংসদ নাহিম রাজ্জাক, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, হাসিবুর রহমান, এম এ করিম প্রমুখ।