'খুনি-নির্যাতনকারী' কর্মকর্তাদের তালিকা করার আহ্বান বিএনপির
আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ‘প্রতিটি পদক্ষেপ’ পর্যবেক্ষণে রাখতে এবং ‘খুনি, নির্যাতনকারী’ কর্মকর্তা-কর্মচারীদের তালিকা করতে দলীয় নেতা–কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০–দলীয় জোট।
আজ শুক্রবার বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। আগামী দিনে এই কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে তারা।
২০ দলের নেতা-কর্মী ও জনসাধারণকে আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কেন্দ্র থেকে শুরু করে প্রতিটি এলাকা পর্যন্ত আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের প্রতিটি পদক্ষেপ ও কার্যকলাপ সতর্ক পর্যবেক্ষণে রাখুন। খুনি, নির্যাতনকারী ও গণবিরোধী ভূমিকা পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের অপকর্ম ও নাম-পরিচয় আপনারা তালিকাভুক্ত করে রাখবেন। প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহ করে রাখবেন। আগামীতে এদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’ এ বিষয়ে জোটের পক্ষ থেকে মানবাধিকার প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থাসমূহেরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
বিবৃতিতে পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার বাহিনীসহ আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সর্বস্তরের সদস্যদের প্রতি পুরো পরিস্থিতি পর্যালোচনা করে সচেতন হওয়ারও আহ্বান জানানো হয়। তাঁদের প্রতি নিজ বিবেকের কাছে প্রশ্ন করে ‘সুবিবেচনা অনুযায়ী’ কাজ করার অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে প্রতিদ্বন্দ্বিতাহীন এক নির্বাচনী প্রহসনে ক্ষমতাসীন বর্তমান অবৈধ সরকার গণতন্ত্র হত্যা করেছে। তারা এখন মানুষের সমস্ত অধিকার কেড়ে নিয়ে দমনপীড়ন ও হত্যা-রক্তপাতের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে মরিয়া হয়ে উঠেছে। গণবিচ্ছিন্ন শাসকগোষ্ঠী এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত রাষ্ট্রীয় বাহিনীসমূহের ওপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়েছে।
বিএনপির নেতৃত্বাধীন-২০ দলীয় জোট দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকারসহ জনগণের সমস্ত অধিকার ফিরিয়ে আনা এবং আইনের শাসন ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলন এটি। এই আন্দোলন জনগণের আন্দোলন। এই আন্দোলন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে নয়, অবৈধ সরকারের বিরুদ্ধে।