‘গণতন্ত্র এখন বাক্সে বন্দী। পতিত স্বৈরাচার এবং বর্তমান স্বৈরাচার মিলে বাংলাদেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করছেন।’ গতকাল রোববার বিকেলে স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবসের আলোচনায় দলীয় কার্যালয় নাসিমন ভবনে আলোচনা সভায় দলের নগর কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এ কথা বলেন।
সভায় শাহাদাত হোসেন বলেন, দেশের গণতন্ত্র আজ আবারও বিপন্ন। মানুষের বাক্স্বাধীনতা নেই। সভা-সমাবেশ করতে গেলেই পুলিশের নির্যাতন ও মামলা হামলার শিকার হতে হয়। এ দেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে খালেদা জিয়ার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় চট্টগ্রাম নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান বলেন, নব্বইয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে এ দেশের মানুষ যে আশা নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল, সেই গণতন্ত্র আজ বিপন্ন।
সভায় বিএনপি নেতা সামশুল আলম, কামরুন্নাহার দস্তগীর, আনোয়ার হোসেন, আবুল হাশেম প্রমুখ বক্তব্য দেন।