'গণতন্ত্রের অনুপস্থিতি'র কথা বলেছে বিএনপি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বাংলাদেশে ‘গণতন্ত্রের অনুপস্থিতির’ কথা গুরুত্ব দিয়ে তুলেছে বিএনপি। দলটি বলেছে, বাংলাদেশে গণতন্ত্রহীনতা এ অঞ্চলের জন্য অস্থির পরিস্থিতির সৃষ্টি করতে পারে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল গতকাল রোববার বিকেল চারটার পর রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রায় পৌনে এক ঘণ্টা নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন। এর মধ্যে ১২ মিনিট খালেদা জিয়ার সঙ্গে মোদির একান্তে কথা হয়। সফরের দ্বিতীয় ও শেষ দিন খালেদার পাশাপাশি বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনুকেও সাক্ষাৎ দেন মোদি।
বিএনপির সঙ্গে বৈঠক শেষে বের হওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খালেদা জিয়া শুধু বলেন, অত্যন্ত আন্তরিক পরিবেশে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
পরে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকদের জানান দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
কী বিষয়ে আলোচনা হয়েছে, জানতে চাইলে আবদুল মঈন খান বলেন, ‘আমরা দুই দেশের পারস্পরিক সম্পর্কের প্রতিটি বিষয় উল্লেখ করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আজ বাংলাদেশের গণতন্ত্রের অনুপস্থিতি। বাংলাদেশে যদি গণতন্ত্র না থাকে, তাহলে কেবল বাংলাদেশ নয়, সমগ্র দক্ষিণ এশীয় অঞ্চলের জন্য অস্থির পরিবেশের সৃষ্টি করতে পারে।’
মঈন খান বলেন, ‘আমরা গ্লোবাল ভিলেজে বাস করি। এখানে কেউ যদি মনে করে নিজের পরিমণ্ডলে শান্তশিষ্ট হয়ে ঘুমিয়ে থাকব, অন্য কেউ এখানে সমস্যা সৃষ্টি করবে না। এটা হতে পারে না। আজ বাংলাদেশে বিরোধী দলের ওপর অত্যাচার, আমাদের মহাসচিব, দলের স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের হাজার হাজার কর্মীকে অত্যাচার-অনাচার করা হচ্ছে। এ বিষয়গুলো গণতন্ত্রের অনুপস্থিতির পরিপ্রেক্ষিতে আপনা-আপনি উঠে এসেছে।’
মঈন খান বলেন, ‘জনপ্রতিনিধিত্বহীন সরকার দেশের উন্নয়নের যেসব কথা বলছে তা অর্থহীন, যদি স্বচ্ছতা ও জবাবদিহি না থাকে। তাই জনগণের কল্যাণ, কর্মসংস্থান, শিক্ষা, অর্থনৈতিক উন্নয়নের জন্য এখন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে বহুদলীয় গণতন্ত্রকে পুনরুদ্ধার করা। আমরা এ বিষয়টিকে গুরুত্ব দিয়েছি।’ তিনি বলেন, ১৬ কোটি মানুষের ভবিষ্যৎ উন্নয়ন এবং বাংলাদেশ মধ্যম বা উচ্চ আয়ের দেশ হতে হলে মানুষকে কথা বলার ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।

এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী কী বলেছেন, এমন প্রশ্নের জবাবে মঈন খান বলেন, এটা যুক্তিসংগত হবে ভারত সরকারের পক্ষ থেকে তাঁরা যখন প্রেস কনফারেন্স করবে, তখন আপনারা জিজ্ঞেস করবেন।
বিএনপির প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ।
আবার এলে নোয়াখালী যাবেন মোদি: নরেন্দ্র মোদি পরবর্তী সময়ে বাংলাদেশ সফরে এলে নোয়াখালী যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে বৈঠকে তিনি এ ইচ্ছা ব্যক্ত করেন।
বৈঠকে উপস্থিত থাকা জাতীয় পার্টির (জাপা) সাংসদ কাজী ফিরোজ রশীদ প্রথম আলোকে বলেন, ‘বৈঠকে অনেক খোশগল্প হয়েছে। মোদি বলেছেন, বাংলাদেশ সফর খুব ভালো লেগেছে। পরবর্তী সময়ে এলে নোয়াখালী যাব। তখন রওশন বলেন, “নোয়াখালী?” জবাবে মোদি বলেন, “নোয়াখালী গান্ধী আশ্রমে যাব।”’
গতকাল বেলা তিনটার পর প্রায় ২০ মিনিট বৈঠক হয় জাপার সঙ্গে। বৈঠক শেষে রওশন এরশাদ সাংবাদিকদের বলেন, ‘আমাদের সীমান্ত সমস্যা অনেক দিন ধরে ছিল, এর সমাধান হয়েছে। এখন তিস্তা নিয়ে কথা হয়েছে। এ ছাড়া ভারতের ভিসা-ব্যবস্থা সহজ করা নিয়ে কথা হয়েছে।’
রওশন জানান, তিস্তা চুক্তির ব্যাপারে তাঁদের আশ্বস্ত করে মোদি বলেছেন, শিগগিরই এ সমস্যার সমাধান হবে। দুই দেশ একসঙ্গে বসে আলোচনা করলে সব সমস্যার সমাধান সম্ভব।
রওশনের সঙ্গে বৈঠকে ছিলেন জাপার সাংসদ এ বি এম রুহুল আমিন হাওলাদার, তাজুল ইসলাম চৌধুরী, ফখরুল ইমাম ও সেলিম উদ্দিন।
ওয়ার্কার্স পার্টি ও জাসদের সঙ্গে বৈঠক: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সঙ্গে একত্রে বৈঠক করেন নরেন্দ্র মোদি। বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের নেতৃত্বে ফজলে হোসেন বাদশা, বিমল বিশ্বাস এবং তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে মঈন উদ্দীন খান বাদল, শরিফ নুরুল আম্বিয়া বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, ‘সীমান্ত চুক্তির জন্য আমরা ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছি। আশা প্রকাশ করেছি, সীমান্ত চুক্তির জন্য ভারতের জনগণ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, তেমনি তিস্তা নদীর পানি চুক্তি নিয়েও একইভাবে ঐক্যবদ্ধ হবেন।’
হাসানুল হক ইনু বলেছেন, ‘সাক্ষাতে মূলত আমরা বলেছি, দ্বিপক্ষীয় সব সমস্যার সমাধান করতে হবে। তবে সবচেয়ে যেটা অশান্তি তৈরি করছে, সেটা হচ্ছে সীমান্ত সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা—যা দুই দেশের সম্পর্কের অবনতি ঘটাতে চক্রান্ত করছে। এটি দমন ও বর্জনের জন্য যৌথ উদ্যোগ দরকার।’
মোদির জন্য উপহার: বিএনপির পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রীকে একটি ধুতি, আর প্রধানমন্ত্রীর মায়ের জন্য একটি শাড়ি উপহার দেওয়া হয়। আর রওশন এরশাদ নরেন্দ্র মোদিকে পায়জামা, পাঞ্জাবি, কটি ও একটি কোট পিন উপহার দেন। এ ছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের জন্য একটি শাড়িও উপহার দেন। দল দুটির দায়িত্বশীল সূত্র এ তথ্য জানায়।