'গণপ্রতিরোধ সপ্তাহ' কর্মসূচি দিল ১৪ দল

গুপ্তহত্যা, সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন শেষে ‘গণপ্রতিরোধ সপ্তাহ’ কর্মসূচি দিল ১৪-দলীয় জোট। আগামী ১৫ থেকে ২১ জুলাই সারা দেশে এ কর্মসূচি পালন করবে এই জোট।
আজ রোববার ঢাকাসহ দেশব্যাপী একযোগে মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু স্কয়ারে স্বাস্থ্যমন্ত্রী ও ১৪-দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম এ কর্মসূচি ঘোষণা করেন।
মোহাম্মদ নাসিম বলেন, রোজা ও ঈদ থাকায় এ কর্মসূচি একটু দেরিতে দেওয়া হয়েছে।
গুপ্তহত্যার জন্য আওয়ামী লীগকে দায়ী করার বিষয়ে মানববন্ধনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘খালেদা জিয়া আপনি ভুলে গেছেন, আপনার সময় আপনি কী করেছিলেন? শাহ এ এস এম কিবরিয়া হত্যা হয়েছিল। সবকিছু ভুলে গেছেন। এখন আপনি শেখ হাসিনাকে হুমকি দেন! বাংলার মানুষ আপনাকে প্রতিরোধ করবে।’
মোহাম্মদ নাসিম বলেন, গুপ্তহত্যাকারীদের চেয়ে শক্তিশালী হলো বাংলার জনগণ। দেশব্যাপী শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা সেটি দেখিয়ে দিয়েছে। তিনি বলেন, ‘ওই দিন সপ্তাহে আমরা গ্রাম থেকে গ্রাম ও পাড়া–মহল্লায় গিয়ে গুপ্তহত্যা-সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করব। দেশবাসীকে সঙ্গে নিয়ে জনপ্রতিরোধ গড়ে তুলব।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে নাসিম বলেন, ‘আপনি আলোচনা চান, অবশ্যই আমরা আলোচনা চাই। কিন্তু এর আগে সৎসাহস থাকলে খালেদা জিয়া আপনি ঘোষণা করেন, জামায়াতের সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক থাকবে না। আপনি গুপ্তহত্যার জন্য ক্ষমা চান। তারপরে ভেবে দেখব বসা যায় কি না। তার আগে কোনো খুনির সঙ্গে, বিএনপি-জামায়াতের সঙ্গে আমরা বসতে পারি না।’
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘আগুনসন্ত্রাসের বিরুদ্ধে যেমন বাংলার জনগণ প্রতিরোধ করেছিল, তেমনি গুপ্তহত্যাকারীদের বাংলার জনগণ প্রতিরোধ শুরু করেছে। জনগণের এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে প্রতিরোধ গড়ে উঠবে। তিনি বলেন, আজকে বেছে বেছে সংখ্যালঘুদের ওপর হামলা করা হচ্ছে। পুরোহিত, যাজকদের ওপর হামলা করা হচ্ছে। আসলে দেশে একটি সাম্প্রদায়িক আবহ তৈরির চেষ্টা করা হচ্ছে। সবাই মিলে এর প্রতিরোধ করতে হবে।’
সারা দেশে গুপ্তহত্যা, সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদের প্রতিবাদে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে আজ বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকার গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত ১৫ কিলোমিটার পথে মানববন্ধনে অংশগ্রহণ করেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের নেতা-কর্মীরা। এই মানববন্ধনের কারণে ঢাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে যাত্রাবাড়ী-মতিঝিল, পল্টন, শাহবাগ, ফার্মগেট, নিউমার্কেট, শ্যামলী এলাকায় যানজটে গাড়ি দীর্ঘ সময় আটকে ছিল। অফিস ফেরত মানুষ চরম ভোগান্তিতে পড়ে।
গুলিস্তানে বঙ্গবন্ধু স্কয়ারে মানববন্ধনে আরও বক্তব্য দেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার, আওয়ামী লীগের মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মৃনাল কান্তি দাস, জাতীয় পার্টির (জেপি) শেখ শহীদুল ইসলাম, জাসদের (ইনু) শিরীন আখতার, গণতন্ত্রী পার্টির শাহদাৎ হোসেন, বাসদের রেজাউর রশিদ খান, ঢাকা মহানগর আওয়ামী লীগের আবুল হাসনাত, হেদায়েতুল ইসলাম, ছাত্রলীগের এস এম জাকির হোসাইন প্রমুখ।
আরও পড়ুন: মানববন্ধনের কারণে রাজধানীতে যানজট