মন্ত্রিসভায় গতকাল সোমবার অনুমোদিত জাতীয় সম্প্রচার নীতিমালা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ।
বিএনপি মনে করে, ‘এ নীতিমালার মাধ্যমে গণমাধ্যমকে সরকারি খাঁচায় বন্দী করার ফিকির হচ্ছে।’ আর বিএফইউজে ও ডিইউজের একাংশের নেতারা এক বিবৃতিতে বলেন, এ সম্প্রচার নীতিমালা সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা হরণ করবে।
বিএনপি: সম্প্রচার নীতিমালার বিষয়ে গতকাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটির প্রতিক্রিয়া তুলে ধরেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জবাবদিহি ও দায়বদ্ধতার কথা বলে সরকার গণমাধ্যমের কণ্ঠরোধ করার নীতিমালা করছে।
রিজভী বলেন, সংবাদপত্র, সংবাদ সংস্থা, অনলাইনসহ বিভিন্ন মাধ্যমকে জবাবদিহির আওতায় আনার ধোয়া তুলে সরকার আইন করতে যাচ্ছে।টেলিভিশন বন্ধেও নাকি আইন করা হচ্ছে। বিএনপি মনে করে, গণমাধ্যমকে খাঁচায় পুরতে সরকার সুপরিকল্পিতভাবে এসব করছে।এটা বাকশাল কায়েমের একটি ভিন্ন পন্থা।তিনি সরকারকে গণমাধ্যম নিয়ন্ত্রণের সর্বনাশা পথ থেকে সরে আসার আহ্বান জানান।
বিএফইউজে ও ডিইউজের বিক্ষোভ কর্মসূচি: বিএফইউজের (একাংশ) সভাপতি শওকত মাহমুদ, মহাসচিব এম এ আজিজ এবং ডিইউজের সভাপতি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এক যুগ্ম বিবৃতিতে বলেন, সরকার আগে ‘সম্প্রচার নীতিমালা’ ও পরে আজ্ঞাবহ ‘সম্প্রচার কমিশন’ গঠনের উদ্যোগ নিয়েছে। এ কমিশন দিয়ে গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা চালাবে। এর বিরুদ্ধে বিএফইউজে ও ডিইউজে আজ মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে।
বিবৃতিতে বলা হয়, খসড়া সম্প্রচার নীতিমালার ব্যাপ্তি এত ব্যাপক যে কোনো গণমাধ্যমই সরকার, সরকারি কর্মকর্তা, এমনকি সরকারি প্রতিষ্ঠানের অনিয়ম, দুর্নীতি ও অন্যায়-অবিচারসহ কোনো ধরনের সমালোচনা করতে পারবে না। এর মাধ্যমে টেলিভিশনের ‘টক শো’ পুরোপুরি নিয়ন্ত্রণের অপচেষ্টা করা হবে।
সাংবাদিক নেতারা আগে নিরপেক্ষ ‘সম্প্রচার কমিশন’ গঠন করে গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের মতামতের ভিত্তিতে সর্বজনগ্রাহ্য ‘সম্প্রচার নীতিমালা’ তৈরির দাবি জানান।
জামায়াত: মন্ত্রিসভায় অনুমোদিত জাতীয় সম্প্রচার নীতিমালার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গতকাল এক বিবৃতিতে বলেছেন, সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে দেশে একদলীয় শাসন কায়েম করার হীন উদ্দেশ্যেই সরকার নতুন সম্প্রচার নীতিমালা চূড়ান্ত করেছে।