'গাইডলাইন' চায় ১৪ দলের শরিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরিকদের সম্পর্কে প্রকাশ্যে কথা বলার ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট ‘গাইডলাইন’ চান ১৪-দলীয় জোটের শরিকেরা। তাঁদের মতে, হুটহাট শরিকদের তুচ্ছ-তাচ্ছিল্য ও ঐতিহাসিক ঘটনায় দায়ী করে কথা বললে জোটের ভিত আলগা হয়ে যাবে। এ জন্য জোটের শীর্ষ নেত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের প্রয়োজন বলে মনে করেন তাঁরা।

জোটের পাঁচজন শীর্ষ নেতা প্রথম আলোকে বলেন, ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মাঝেমধ্যে ১৪ দলের বৈঠক হয়। সেখানে স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম উপস্থিত থাকলেও জোটের অন্য শীর্ষ নেতারা আসেন না। আর সর্বশেষ প্রধানমন্ত্রীর সঙ্গে কবে ১৪ দলের বৈঠক হয়েছে, তা জানাতে পারেননি ওই দুই নেতা। তা ছাড়া দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কোনো পরামর্শও করা হচ্ছে না। তাঁরা বলেন, নিজেদের মধ্যে ‘কাদা ছোড়াছুড়ির’ ঘটনা ঘটছে। এসব বিষয় নিয়ে জোটের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক হওয়া প্রয়োজন। কেননা, শেখ হাসিনা দলগুলোর ব্যাপারে কী ধারণা পোষণ করেন, তা বিভিন্ন মাধ্যমে তাঁরা শুনলেও সরাসরি জানতে পারেননি।

১৩ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক অনুষ্ঠানে সৈয়দ আশরাফ বলেন, জাসদ ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ধারক ও বাহকের শতভাগ ভণ্ড। সরকারে জাসদের একজনকে মন্ত্রী করার জন্য প্রায়শ্চিত্ত করতে হবে। জাসদই বঙ্গবন্ধুকে হত্যা ক্ষেত্র তৈরি করেছিল বলেও অভিযোগ করেন তিনি।

মূলত সৈয়দ আশরাফের এই বক্তব্যের পর জোটের শরিকেরা জোট নেতার সঙ্গে বৈঠক ও নিজেদের ব্যাপারে কথা বলার ক্ষেত্রে দিকনির্দেশনা থাকা প্রয়োজন বলে মনে করছেন। জানতে চাইলে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের সম্পর্ক কেমন হবে, এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনে কী সম্পর্ক হওয়া উচিত ছিল, সেসব বিষয়ে শরিকদের মধ্যে অজ্ঞতা রয়েছে। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের উচিত হবে শরিক দলগুলোর সঙ্গে তাদের আচরণ ও সম্পর্ক কেমন হবে, এ বিষয় নিয়ে আলোচনা করা। তাহলে জোটটি ভবিষ্যতে শক্তিশালী নৈতিক ভূমিকা পালন করবে।

আলাপকালে ১৪-দলীয় জোটের কয়েকজন নেতা বলেন, মুক্তিযুদ্ধ-পরবর্তী জাসদের ভূমিকা জেনেই তাদের ১৪-দলীয় জোটে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু প্রকাশ্যে সভায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জাসদকে দায়ী করে খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কথা ছোট করে দেখার মতো নয়। এতে বিরোধী শক্তিরা ঘোলা পানিতে মাছ শিকারের রসদ পায়। আর সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকেও জাসদ নিয়ে আওয়ামী লীগের সমর্থকেরা বিভিন্ন বিরূপ মন্তব্যও জোটের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। সব মিলিয়ে জোটের শরিকদের বিভিন্ন সামাজিক-রাজনৈতিক অনুষ্ঠানে বিব্রতের মুখে পড়তে হচ্ছে। সমমনা রাজনৈতিক দল মিলে আদর্শিকভাবে জোট গঠন করা হয়েছে। এ ধরনের কাদা ছোড়াছুড়ি কখনো শোভন হতে পারে না।

জানতে চাইলে তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (একাংশ) সভাপতি হাসানুল হক ইনু প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগ-জাসদের ভূমিকা নিয়ে বিশ্লেষণ সাপেক্ষে ঐতিহাসিক-রাজনৈতিক প্রয়োজনে শেখ হাসিনা এবং আমরা ঐক্যবদ্ধ হয়েছি। কিন্তু এ ধরনের তর্ক-বিতর্ক অনভিপ্রেত। এটা কেউ অসাবধানে করে, কেউ উদ্দেশ্যমূলকভাবে করে। কিন্তু এটা আওয়ামী লীগ বা জাসদের কারওর সিদ্ধান্ত না।’

জোটের নেতারা বলেন, দেশের বর্তমান যে পরিস্থিতি, তাতে ১৪-দলীয় জোটের শরিকদের নিয়ে কথা বলা মোটেই সময়োচিত হয়নি। তাঁরা শুনেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাসদ নিয়ে সৈয়দ আশরাফের বক্তব্যে নাখোশ হয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের কথা না বলতে আওয়ামী লীগের নেতাদের নির্দেশ দিয়েছেন। আর আওয়ামী লীগের অন্য নেতারা জোটকে ঐক্যবদ্ধ রাখার ব্যাপারে জাসদের পক্ষে কথা বলায়ও খুশি হয়েছেন তাঁরা। তবে শরিক দলগুলোর একে অপরের ব্যাপারে কথা বলার ক্ষেত্রে যদি সুনির্দিষ্ট গাইডলাইন থাকত, তাহলে এ ধরনের পরিস্থিতিতে তাঁদের পড়তে হতো না।

এর আগে গত বছর আগস্টে ধানমন্ডির ৩২ নম্বরে জাতীয় শোক দিবসের এক আলোচনায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম বলেন, জাসদই বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র তৈরি করেছিল। স্বাধীনতাবিরোধীরা কখনো বঙ্গবন্ধুর ওপর আঘাত হানতে পারত না, যদি গণবাহিনী ও জাসদ বঙ্গবন্ধুর বিরোধিতা করে বিভিন্ন জায়গায় ডাকাতি করে, মানুষ হত্যা করে, এমপি মেরে পরিবেশ সৃষ্টি না করত। সে সময় আরও কয়েকজন আওয়ামী লীগ নেতা ৪০ বছর আগে জাসদের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তোলেন। ওই বিতর্ক ওঠার ১০ মাস পর আবারও এই বিতর্ক সামনে আনলেন স্বয়ং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

১৯৯৮ সালের শেষের দিকে বিকল্প রাজনৈতিক জোট হিসেবে বাম ও প্রগতিশীল গণতান্ত্রিক ফ্রন্টের সাতটি দলের সঙ্গে আরও চারটি দল মিলে ১১-দলীয় জোট গঠন করা হয়েছিল। পরে ১১ দল দীর্ঘদিন জাতীয় ইস্যুতে রাজনীতির মাঠে আন্দোলন চালিয়ে যায়। ২০০৪ সালে নয় দফা দাবিতে ১১ দল ও আওয়ামী লীগ; ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-মোজাফফর), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মিলে রাজনৈতিক কর্মসূচি পালন করা শুরু করে। এরই ধারাবাহিকতায় গঠিত হয় ১৪-দলীয় জোট। যদিও এ সময়ে বেশ কিছু দল যেমন জোট থেকে বেরিয়ে গেছে, তেমনি ছোট ছোট নতুন কিছু দলও অন্তর্ভুক্ত হয়েছে জোটে।