'গুম' হওয়া বিএনপি নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কথিত গুম হওয়ার আগে বিএনপি নেতা মোহাম্মদ নজরুল ইসলাম মোড়লের ফাইল ছবি (বাঁয়ে) এবং তাঁকে আটকের পর বৃহস্পতিবার নীল টি শার্ট পরা অবস্থায় সংবাদ সম্মেলনে তোলা ছবি। ছবি: সৌরভ দাশ
কথিত গুম হওয়ার আগে বিএনপি নেতা মোহাম্মদ নজরুল ইসলাম মোড়লের ফাইল ছবি (বাঁয়ে) এবং তাঁকে আটকের পর বৃহস্পতিবার নীল টি শার্ট পরা অবস্থায় সংবাদ সম্মেলনে তোলা ছবি। ছবি: সৌরভ দাশ

‘গুম’ হওয়া খুলনা জেলা বিএনপির ধর্মবিষয়ক সহসম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম মোড়লকে কক্সবাজারের রামু উপজেলা থেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মনির-উজ-জামান তাঁকে আটকের বিষয়টি সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন। বুধবার দিনগত রাত দেড়টায় পুলিশ তাঁকে আটক করে।

সংবাদ সম্মেলনে ডিআইজি এস এম মনির-উজ-জামান গুমের অভিযোগ উড়িয়ে দিয়ে বিএনপি নেতা নজরুলের আত্মগোপনে থাকার পেছনে খুলনা জেলা বিএনপি এবং স্বয়ং নজরুলকে দায়ী করেছেন। তিনি বলেন, ‘নজরুলের আত্মগোপনের বিষয়টি পরিকল্পিত। খুলনা ডুমুরিয়া এলাকায় ১৭ মার্চ সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত নজরুলের অবস্থান ছিল। অথচ ওই দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তাঁর স্ত্রী তানজিলা থানায় কথিত গুমের জিডি (সাধারণ ডায়েরি) করেন। কিন্তু নজরুল এখন বলছেন, ওই দিন রাত সাড়ে আটটায় তাঁকে চারজন অপহরণের পর ৩০ লাখ টাকা দাবি করে।’

বিএনপি নেতা নজরুল ইসলাম মোড়ল সাংবাদিকদের বলেন, ‘অপহরণকারীদের হাত-পা ধরলে তাঁরা আমাকে যশোরে নিয়ে ছেড়ে দেয়। রাতেই আমি সৌদিয়া বাসে উঠে পরদিন ভোরে ঢাকার গাবতলী স্টেশনে পৌঁছি। এরপর চট্টগ্রামের উদ্দেশে রওনা হই। রাতে চট্টগ্রামে পৌঁছে একটি হোটেলে উঠি। পরদিন ১৯ মার্চ আমি কক্সবাজারের গাড়িতে উঠে রামু গিয়ে পরিচিত সাইফুলের বাড়িতে উঠি।’

সাইফুলের সঙ্গে ৫ জানুয়ারির নির্বাচনের আগে খুলনা কারাগারে পরিচয় হয় বলে নজরুল দাবি করেন। সাইফুল কক্সবাজার থেকে মাছের পোনা খুলনা-সাতক্ষীরায় নিয়ে যেতেন। কী কারণে সাইফুল কারাগারে গিয়েছিলেন তা নজরুল বলতে পারেননি। তবে আন্দোলনের সময় রাস্তার পাশে গাছ কাটার মামলায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন বলেও দাবি করেন নজরুল।

ডিআইজি মনির-উজ-জামান বলেন, সাইফুলের বাড়িতে ২২ মার্চ আশ্রয় নেন নজরুল। কিন্তু নজরুলের বক্তব্য, তিনি ১৯ মার্চ পৌঁছান। তাহলে মাঝখানে দুদিন নজরুল কোথায় ছিলেন- তা মেলানো যাচ্ছে না। কিন্তু রামুতে গিয়ে তিনি স্ত্রী বা পরিবারের কারো সঙ্গে যোগাযোগ রাখেননি। কথিত গুমের জিডির সময় তার দুটি মোবাইল ফোন সচল ছিল। এর মধ্যে রামুতে একটি সচল ছিল। আইনশৃঙ্খলা বাহিনীকে বিব্রত করতে দাড়ি কেটে চেহারায় পরিবর্তন আনেন তিনি। অথচ খুলনা জেলা বিএনপি স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দাবি করেছে, নজরুল গুম হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী এর জন্য দায়ী। কথিত গুমের এক ঘণ্টা আগে নজরুলের স্ত্রী থানায় জিডি করেন।

ডিআইজি বলেন, আসলে গুমের ঘটনা ছিল একটি সাজানো নাটক। আত্মগোপনে থেকে ঢালাও অভিযোগ করে আইনশৃঙ্খলা বাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করেছে নজরুল ও তাঁর স্ত্রী এবং খুলনা বিএনপি। এ জন্য নজরুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রামুতে আত্মগোপনে থাকার কারণ জানতে চাইলে নজরুল বলেন, ‘যারা আমার কাছে ৩০ লাখ টাকা দাবি করেছে, তাঁদের ভয়ে আমি খুলনায় ফিরে যাওয়ার সাহস পাচ্ছিলাম না।’ তাহলে স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখা হয়নি কেন এমন প্রশ্নের জবাবে নজরুল বলেন, ‘স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখলে অপহরণকারীরা জেনে যেতে পারে। তখন স্ত্রী-সন্তানের ক্ষতি হতে পারে।’ অপহরণকারী কারা হতে পারে জানতে চাইলে নজরুল বলেন, ‘আমি ডুমুরিয়ায় ইউনিয়ন পরিষদের নির্বাচন করেছিলাম। আমার প্রতিপক্ষ বিএনপির একজন নেতা ছিলেন। তিনি এই ঘটনায় জড়িত কিনা জানি না।’

রামুতে দাড়ি কেটে ফেলার কারণ জানতে চাইলে নজরুল বলেন, ‘আমার অ্যালার্জি সমস্যা আছে। ডাক্তারের পরামর্শে দাড়ি ফেলে দিয়েছি।’

সংবাদ সম্মেলনের পর নজরুল ইসলামকে খুলনা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। খুলনায় ডুমুরিয়া পুলিশ তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বলে ডিআইজি মনির-উজ-জামান জানান।