'গেজেট হাতে আসুক, তারপর বলব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী রকিব উদ্দীন আহমদ
কাজী রকিব উদ্দীন আহমদ

গেজেট হাতে এলে ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে কথা বলবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ। আজ মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। দুই সিটির সীমানাসংক্রান্ত জটিলতা নিষ্পত্তির খবর পাওয়ার পর কমিশন (ইসি) সচিবালয়ের কর্মকর্তারা কবে ভোট গ্রহণ করা যায়, তার ছক মেলাতে শুরু করেছেন।
ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানান, ঢাকার দুই সিটির সীমানা নির্ধারণের গেজেট ছাপার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সরকারি ছাপাখানায় পাঠানো হয়েছে। এ বিষয়টি জানার পর আজ মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ অন্য কমিশনারদের নিয়ে জরুরি বৈঠক করেন। বিকেলে কার্যালয় ছেড়ে যাওয়ার সময় এ ব্যাপারে জানতে চাইলে সিইসি সাংবাদিকদের বলেন, ‘আগে গেজেট হাতে আসুক, তারপর কথা বলব।’
এ ছাড়া বিকেলের পর শিক্ষাসচিব নজরুল ইসলাম খান সিইসি ও ইসি সচিবালয়ের সচিব সিরাজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে শিক্ষাসচিব সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘এইচএসসি পরীক্ষা ও নির্বাচন একসঙ্গে হতে পারে। এইচএসসি পরীক্ষা পেছানো হবে না।’ 

শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে মে পর্যন্ত এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইসি সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম আজ বলেন, আইন অনুযায়ী জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। পেছানোর সুযোগ নেই। কারণ জুনের তৃতীয় সপ্তাহ থেকে রোজা শুরু হবে।
ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানান, চট্টগ্রাম সিটির আগে ঢাকার দুই সিটিতে নির্বাচন করতে হলে তা মে মাসের মধ্যে করতে হবে। কিন্তু সে সময়ে দেশব্যাপী এইচএসসি পরীক্ষা চলবে। পরীক্ষার সময় নির্বাচন করতে না চাইলে ঢাকা সিটির নির্বাচন রমজানের পরে করতে হবে।