'গোলমাল' সৃষ্টির জন্য হরতাল: অর্থমন্ত্রী
দেশে ‘গোলমাল’ সৃষ্টির জন্য হরতাল ডাকা হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ শুক্রবার বিকেলে সিলেট নগরে নির্মাণাধীন কাজীরবাজার সেতু পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
আগামী রোববার ইসলামি দলগুলোর ডাকা হরতাল প্রসঙ্গে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘দেশে গোলমাল সৃষ্টি করার জন্য হরতাল ডাকা হয়েছে।’ বিএনপির আন্দোলন সম্পর্কে তিনি বলেন, ‘বিএনপি তো এক বছর ধরে কঠিন আন্দোলনের হুমকি দিয়ে আসছে। তাঁদের আন্দোলনের বিষয়ে আমার কিছু বলার নেই। তবে দেশের মানুষ আন্দোলন চায় না।’
সুরমা নদীর ওপর নির্মাণাধীন কাজীরবাজার সেতু পরিদর্শন করে অর্থমন্ত্রী বলেন, ‘সম্পূর্ণ অপরিকল্পিতভাবে এ ব্রিজ নির্মাণ শুরু হয়েছিল। এ কারণে স্থানীয় লোকজনের মধ্যে ব্রিজটির নির্মাণপ্রক্রিয়া নিয়ে অসন্তোষ আছে।’ এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীদের সঙ্গে শিগগিরই বৈঠকে বসবেন বলে জানান অর্থমন্ত্রী।