'ঘাঁটি'তে ম্রিয়মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই সঙ্গে সরকার ও বিরোধী দলে থাকা জাতীয় পার্টির রাজনৈতিক অবস্থান নিয়ে দ্বিধায় পড়েছেন জেলার নেতা-কর্মীরা। এ অবস্থায় একসময় জাতীয় পার্টির ঘাঁটি বলে পরিচিত লালমনিরহাটে এখন সংগঠনের অবস্থা ম্রিয়মাণ।
সাবেক বাণিজ্যমন্ত্রী ও জাপার প্রেসিডিয়াম সদস্য গোলাম মোহাম্মদ কাদেরকে আহ্বায়ক, এস কে খাজা মঈন উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক এবং এ কে এম মাহবুবুল আলমকে সদস্যসচিব করে ১২১ সদস্যের জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ২০১৩ সালের ২১ জুলাই এ আহ্বায়ক কমিটি অনুমোদন করেন। কিন্তু এখন পর্যন্ত এ কমিটির পরিচিতি সভা বা পূর্ণাঙ্গ কমিটির কোনো সভা হয়নি।
নতুন কমিটি গঠনের পর ২০১৪ সালের ১ জানুয়ারি জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী ঘটা করে পালন করা হয়। তবে এ বছর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হয়েছিল সাদামাটা। কোনো শোভাযাত্রা বের করা হয়নি। ২০১৩ সালে উপজেলা দিবস পালন করা হলেও ২০১৪ ও ২০১৫ সালে করা হয়নি। ২০১৪ সালে জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে ঘটা করে জেলা জাপার ইফতারের আয়োজন করা হলেও ২০১৫ সালে তা হয়নি। মাঝেসাঝে সন্ধ্যায় জেলা শহরের বিডিআর রোডে অবস্থিত জেলা জাতীয় পার্টির কার্যালয় খোলা হলেও সেখানে নেতা-কর্মীর উপস্থিতি খুব কম থাকে।
জেলা জাপার যুগ্ম আহ্বায়ক এস কে খাজা মঈন উদ্দিন বলেন, দলের ভেতর ও বাইরের যে পরিস্থিতি, বিশেষ করে সরকারি ও বিরোধী দল—এ দুই ধারার কোনটি অনুসরণ করবেন এ নিয়ে দ্বিধায় থাকেন নেতা-কর্মীরা।
সাবেক বাণিজ্যমন্ত্রী ও লালমনিরহাট-৩ আসনের সাবেক সাংসদ জাপা প্রেসিডিয়াম সদস্য গোলাম মোহাম্মদ কাদের বলেন, বর্তমানে ক্ষমতাসীন আওয়ামী লীগ ছাড়া দেশের অন্য সব রাজনৈতিক দল ও সংগঠনে একধরনের অস্থিরতাজনিত হতাশা আছে। তিনি বলেন, বর্তমানে দেশে গণতন্ত্রচর্চার যে হাল, তাতে খুশি হওয়ার মতো কোনো কারণ নেই। আর জাতীয় পার্টি একই সঙ্গে সরকারি এবং বিরোধী দল হওয়ায় তাদের কোনো কাজই স্পষ্ট নয়। এ কারণে জাতীয় পার্টি এখন সুনির্দিষ্ট কোনো কর্মসূচি দিতে পারছে না।
জি এম কাদের বলেন, তবে জাপার নেতা-কর্মী-সমর্থকেরা নিষ্ক্রিয় হলেও তাঁরা দল ছেড়ে অন্য রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না। ভবিষ্যতে দল কর্মসূচি দিলে তাঁরা ভালুকের মতো শীতঘুম থেকে জেগে উঠবেন।