'চক্রান্তকারীদের ঘরে ঢুকিয়ে দিতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লালদীঘি ময়দানে আয়োজিত এক স্মরণ সভায় মোহাম্মদ নাসিম
চট্টগ্রামের লালদীঘি ময়দানে আয়োজিত এক স্মরণ সভায় মোহাম্মদ নাসিম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ৮ তারিখ (ফেব্রুয়ারি) আসছে, সতর্ক থাকবেন। আদালতের রায় কী হবে, জানি না। কিন্তু বলতে চাই, ৮ তারিখে প্রতিটি এলাকায়, পাড়ামহল্লায়, গ্রামেগঞ্জে আওয়ামী লীগসহ ১৪ দলের নেতা-কর্মীদের মাঠে থাকতে হবে।

নাসিম বলেন, চক্রান্তকারীরাও মাঠে নামতে পারে। ওদের ঘরে ঢুকিয়ে দিতে হবে।

 গতকাল শনিবার বিকেলে চট্টগ্রামের লালদীঘি ময়দানে আয়োজিত এক স্মরণ সভায় মোহাম্মদ নাসিম প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। প্রয়াত আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরী স্মরণে স্থানীয় ১৪ দল এই সভার আয়োজন করে।

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, ওয়ার্কার্স পাটির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও সাংসদ নজিবুল বশর মাইজভান্ডারি, সাবেক মন্ত্রী ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন, জাসদের সাংসদ নাজমুল হক প্রধান, কেন্দ্রীয় আওয়ামী লীগের দুই সাংগঠনিক সম্পাদক এনামুল হক ও মহিবুল হাসান চৌধুরী প্রমুখ।

স্মরণ সভায় মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী নয়। তারা নির্বাচন চায় না। তারা চায় অসাংবিধানিক সরকার, আরেকটি ওয়ান-ইলেভেন। তাদের চক্রান্ত সফল হবে না।

মোহাম্মদ নাসিম আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনকে অস্তিত্বের লড়াই অভিহিত করে বলেন, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। উল্লাস করার সময় নেই। আগামী নির্বাচন মন্ত্রী-এমপি বানানোর নির্বাচন নয়, অস্তিত্বের নির্বাচন। এই নির্বাচনে আলোকিত বাংলাদেশ থাকবে কি না। তাই ভুল করলে চলবে না।

খালেদা জিয়াকে শান্তিপূর্ণ নির্বাচনে আসার আহ্বান জানিয়ে নাসিম বলেন, যদি নির্বাচনে না আসেন তাহলে বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না। বিএনপি চক্রান্ত করছে। চক্রান্তকারীদের সঙ্গে লড়াই হবে শেষ লড়াই। এই লড়াইয়ে তাদের ঘরে ঢুকিয়ে দিতে হবে।

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেছেন, চট্টগ্রামের স্বার্থে মহিউদ্দিন চৌধুরী কোনো দিন আপস করেননি। চট্টগ্রামের স্বার্থ জলাঞ্জলি হতে দেননি। চট্টগ্রাম বন্দরকে যখন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি চলছিল, তখন মহিউদ্দিন চৌধুরী আন্দোলনে নামেন। এ আন্দোলনের কারণে চট্টগ্রাম বন্দর আমাদের কাছে আছে।

মোশাররফ হোসেন আরও বলেন, খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়েছেন। এতিমের টাকা কী করে খায়? এ জন্য আদালতে তাঁর বিচার হচ্ছে। বিচারের রায় তাঁকেও মেনে নিতে হবে। আমার বিরুদ্ধেও একটা মিথ্যা মামলা হয়েছিল। মন্ত্রী হয়ে মামলার জন্য আদালতে আমিও হাজিরা দিয়েছি। এটাই নিয়ম।

ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, এখন সিদ্ধান্ত নিতে হবে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক ধারায় আজ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলাদেশ সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে কি না।