'চাপে' বিএনপির সাত প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২৮ মে অনুষ্ঠেয় ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নয়টিতে বিএনপির প্রার্থী নেই। এর মধ্যে গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ‘চাপের’ মুখে সাতজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। অন্য দুজনের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে।
উপজেলা বিএনপির সূত্রে জানা গেছে, উপজেলার ১২ ইউপিতেই চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের বাধার মুখে তাঁরা উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করতে পারেননি। পরে ৩ মে তাঁরা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করতে যান। সেখানে বেলা আড়াইটায় পশ্চিম ফতেপুর ইউপিতে বিএনপির প্রার্থী সলিমউল্লাহ ওরফে লাভলুর মনোনয়নপত্র ভয়ভীতি দেখিয়ে ছিনিয়ে নেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বিকেলে অন্য প্রার্থীদের সঙ্গে সলিমউল্লাহ মনোনয়নপত্রের ফটোকপি জমা দেন। তবে বাছাইয়ে তাঁর ও ইসলামাবাদ ইউপিতে বিএনপির প্রার্থী আলাউদ্দিন মুন্সীর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।
উপজেলা বিএনপির সভাপতি আহসানুল হক প্রথম আলোকে বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার পর স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা নানাভাবে তাঁর দলের প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য চাপ ও হুমকি দেন। একপর্যায়ে তাঁরা এলাকাছাড়া হন। এরপরও হুমকি অব্যাহত থাকে। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতানোর জন্যই এ হুমকি দেওয়া হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল হক বলেন, ‘হুমকির মুখে মোহনপুর ইউপিতে বিএনপির প্রার্থী আবুল কাশেম, ষাটনলে সফিকুল ইসলাম, সাদুল্লাপুরে তাজুল ইসলাম, বাগানবাড়িতে আবুল মিয়া, দুর্গাপুরে সামসুদ্দিন সরকার, এখলাছপুরে বজলুর রহমান দেওয়ান ও সুলতানাবাদে সফিকুল ইসলাম আজ (গতকাল) বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহার করেন।’ ফরাজীকান্দি, ফতেপুর পূর্ব ও জহিরাবাদ ইউপিতে তাঁদের চেয়ারম্যান প্রার্থীরা এখনো টিকে আছেন। তবে তাঁদেরও ‘অফ’ (চুপ) রাখা হয়েছে।
সামসুদ্দিন সরকার বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের চাপ ও হুমকি ছিল। এ ছাড়া শারীরিক অসুস্থতার কারণে তিনি নির্বাচন থেকে সরে গেছেন। মনোনয়নপত্র প্রত্যাহার করা বিএনপির আরও তিন চেয়ারম্যান প্রার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের হুমকিতে তাঁরা কোণঠাসা হয়ে পড়েন। নিরাপত্তার কথা ভেবে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। বিষয়টি নির্বাচন কর্মকর্তা ও পুলিশকে জানানো হয়েছে।
অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস বলেন, তাঁর দলের কেউ বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারে চাপ বা হুমকি দেননি। দলের সাংগঠনিক দুর্বলতার কারণেই তাঁরা নির্বাচন থেকে সরে গেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী হেকমত আলী বলেন, বিএনপির কয়েকজন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তবে হুমকি বা চাপের বিষয়ে তাঁদের কাছ থেকে তিনি কোনো অভিযোগ পাননি।