'ছাত্রলীগের বহিরাগতরা দায়ী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগুনে ভস্মীভূত হওয়া এমসি কলেজ ছাত্রাবাসের তিনটি ব্লকের ৪২টি কক্ষ ছাত্রশিবিরের নেতা-কর্মীদের দখলে ছিল। ছাত্রাবাসের দখল নিতে ছাত্রলীগের সঙ্গে শিবিরের সংঘর্ষ হয়। একপর্যায়ে শিবিরকে ছাত্রাবাস ছাড়া করতেই ছাত্রাবাসে আগুন দেওয়া হয়। ছাত্রাবাস যখন পুড়ছিল, তখন পাশেই ছাত্রলীগের নেতা-কর্মীরা শিবির খেদাও দাবিতে বিক্ষোভ মিছিল করছিলেন। এ রকম একটি ছবি ২০১২ সালের ১৫ জুলাই প্রথম আলোর প্রথম পাতায় ছাপা হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরাই ছাত্রাবাসে আগুন দিয়েছে,এমন অভিযোগ উঠলে এমসি কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। প্রায় দেড় মাস তদন্ত শেষে ওই বছরের ২৯ আগস্ট তদন্ত প্রতিবেদনে ছাত্রাবাসের আগুন দেওয়ার জন্য ‘ছাত্রলীগের বহিরাগতরা দায়ী’ বলে উল্লেখ করা হয়। তখন দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে তদন্ত কমিটির ভাষ্য ছিল, যেহেতু এরা বহিরাগত, তাই কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারবে না।
ছাত্রাবাস পুনর্নির্মাণ শেষে উদ্বোধনের দিন এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ আগের ঘটনার পুনরাবৃত্তি ঠেকানোর ব্যবস্থা প্রসঙ্গে সাংবাদিকদের বলেছিলেন, ‘এবার বহিরাগতরা যাতে ছাত্রাবাসে স্থান না পায়, সে লক্ষ্যে কলেজ কর্তৃপক্ষ কিছু নিয়মকানুন চালু করবে। পাশাপাশি মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের ছাত্রাবাসে সিট বরাদ্দ দেওয়া হবে।’