'জঙ্গি সঙ্গী' খালেদাকেও বিদায় করতে হবে: ইনু
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণতন্ত্রের অজুহাতে জঙ্গির সঙ্গী খালেদা জিয়া ও জঙ্গি পুনরুৎপাদনের কারখানা বিএনপিকে পুষে রাখা দেশের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না। তাই জঙ্গির সঙ্গী খালেদাকে গণতন্ত্রের লাইসেন্স দেওয়া যায় না। জঙ্গিদের সঙ্গে খালেদাকেও বর্জন ও বিদায় করতে হবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ‘জঙ্গি নির্মূল ও জঙ্গি সঙ্গী খালেদাকে বর্জন’ শীর্ষক জাসদের জাতীয় প্রচারাভিযান শুরুতে ঢাকা মহানগর জাসদ আয়োজিত সমাবেশে হাসানুল হক ইনু এসব কথা বলেন।
ইনু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিমুক্ত নিরাপদ শান্তির বাংলাদেশ গড়ে তোলা এবং দেশকে সমৃদ্ধি ও উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার যুদ্ধ চলছে। শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন চলছে, তার সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য দুর্নীতি ও বৈষম্যের অবসান করে দেশকে সুশাসন ও সমাজতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার জন্য সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে জাসদের সহসভাপতি হাবিবুর রহমান, আফরোজা হক, শফি উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।