
জঙ্গিদের আইনি সহায়তা না দিতে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রামে ১৪ দলের সমন্বয়ক ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামে ১৪ দলের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নগরের মুরাদপুর মোড়ে জঙ্গিবাদবিরোধী পদযাত্রা-পূর্ববর্তী সমাবেশে তিনি এ আহ্বান জানান। সমাবেশের পর মুরাদপুর থেকে পাঁচলাইশ থানা মোড় পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়।
সমাবেশে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘জঙ্গিদের আইনি সহায়তা না দিলে জঙ্গিপনা কমে আসবে।’ তিনি বলেন, জঙ্গিরা দেশ ও জাতির শত্রু। এরা দেশের অগ্রগতি ও উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে।
মহিউদ্দিন চৌধুরী আরও বলেন, নগরের চান্দগাঁও এলাকাকে ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরার আওতায় আনা হয়নি। এই সুযোগে চান্দগাঁও আবাসিক এলাকার বিভিন্ন বাড়িতে জামায়াতের বৈঠক হচ্ছে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম, জাসদের কেন্দ্রীয় নেতা এ কে এম বেলায়েত।