'জঙ্গিদের শেকড় উপড়ে ফেলতে হবে'
জাসদের সাধারণ সম্পাদক ও ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার বলেছেন, জঙ্গিদের শেকড় উপড়ে ফেলতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা হবে।
গতকাল বুধবার সন্ধ্যায় ফেনীর ছাগলনাইয়ায় মাদক, সন্ত্রাস ও জঙ্গিবিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিরীন আখতার এসব কথা বলেন।
শিরীন আখতার আরও বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য ও বাঙালি সত্তা ধারণ করে আধুনিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, পুলিশের চট্টগ্রামের রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ সফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান।
সমাবেশে কমিউনিটি পুলিশের সদস্য ছাড়াও শিক্ষক, মসজিদের ইমাম, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।